ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একজনের মরদেহ ফেলে রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই যুবক।
অজ্ঞাতপরিচয় ওই মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বলে জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে ব্যাটারিচালিত রিকশায় তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, মুমূর্ষু একজনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যান ২ যুবক। পরে ট্রলিম্যানদের সহযোগিতায় তাকে ট্রলিতে তোলা হয়। এ সময় চিকিৎসার আনুষ্ঠানিকতার জন্য জরুরি বিভাগের টিকিট কাটতে যাওয়ার কথা বলে আর ফেরেননি ওই ২ যুবক।
দীর্ঘ সময় পার হলেও তাদের কোনো সন্ধান না পাওয়ায় বিষয়টি দায়িত্বরত মেডিকেল অফিসার ও পুলিশকে জানানো হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের শরীরে আপাতদৃষ্টিতে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরও জানান, মৃত ব্যক্তির পকেটে একটি মানিব্যাগ পাওয়া গেছে। তার ভেতরে ৩০ টাকা এবং একটি ছবি উদ্ধার করা হয়েছে।


