শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
২৩শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

ফিচার ও বিচিত্র

ভাড়া বাসা থেকে শিক্ষকের লাশ উদ্ধার, দ্বিতীয় স্ত্রীর গা-ঢাকা দেওয়ার চেষ্টা

ভাড়া বাসা থেকে শিক্ষকের লাশ উদ্ধার, দ্বিতীয় স্ত্রীর গা-ঢাকা দেওয়ার চেষ্টা...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ৮:৫৮ পিএমসর্বশেষ: ৯ অক্টোবর ২০২৬, ৮:৫৮ পিএম
ভাড়া বাসা থেকে শিক্ষকের লাশ উদ্ধার, দ্বিতীয় স্ত্রীর গা-ঢাকা দেওয়ার চেষ্টা

ভোলার লালমোহনে এক ভাড়া বাসা থেকে আবদুল্লাহ আল মাহমুদ (৩৮) নামের এক মাদরাসা শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর নিহতের দ্বিতীয় স্ত্রী নাহিদা পারভীন প্রথমে গা-ঢাকা দেওয়ার চেষ্টা করলেও পরে উপস্থিত হন। নিহতের পরিবারের অভিযোগ, মাহমুদকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার নাটক সাজাতে লাশ ঝুলিয়ে দেওয়া হয়েছিল।

শুক্রবার সকাল ছয়টার দিকে লালমোহন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এক ব্যক্তির মালিকানাধীন তিনতলা ভবনের একটি কক্ষ থেকে ওই শিক্ষকের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত আবদুল্লাহ আল মাহমুদ চরফ্যাশন দলিল লেখক সমিতির সভাপতি, পূর্ব ওমরাবাজ আলিম মাদরাসার সহকারী শিক্ষক এবং চরফ্যাশন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়নাল আবেদিনের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তজুমদ্দিন সাব-রেজিস্ট্রার অফিসের অফিস সহকারী নাহিদা পারভীনের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ২০২৩ সালে তাকে দ্বিতীয় বিয়ে করেন মাহমুদ। বিয়ের পর থেকে স্ত্রী নাহিদা তাকে নিয়ে লালমোহনে একটি ভাড়া বাসায় থাকতেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে মাহমুদকে যোগাযোগ করতে দিতেন না। তাদের ঘরে একটি পুত্রসন্তান রয়েছে।

নিহতের বাবা জয়নাল আবেদিন অভিযোগ করে বলেন, সকালে হঠাৎ পুত্রবধূ নাহিদা মুঠোফোনে আমার ছেলের মৃত্যুর খবর জানায়। খবর পেয়ে আমরা এসে দেখি ছেলে ঝুলছে, কিন্তু শুরুতে নাহিদাকে পাওয়া যায়নি, সে গা-ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল। আমার ছেলে কখনোই আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে এখন নাটক সাজানো হচ্ছে।

নিহতের বড় ভাই ও দক্ষিণ আইচা ডিগ্রি কলেজের প্রভাষক মুহিবুল্লাহ বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আমরা আইনি পদক্ষেপ নেব।

ঘটনার পর নিহতের স্ত্রী নাহিদা পারভীনের ভাড়া বাসায় বেশ কয়েকজন মানুষকে দেখা গেলেও শুরুতে তার কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে তিনি গা-ঢাকা থেকে প্রকাশ হয়ে স্বামীর বাড়িতে গিয়ে অবস্থান নেন বলে জানা গেছে।

লালমোহন থানার ওসি নজরুল ইসলাম মজুমদার বলেন, সকাল ছয়টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

উল্লেখ, মৃত্যুর আগে গত বৃহস্পতিবার গভীর রাতে আবদুল্লাহ আল মাহমুদ তার ফেসবুক আইডিতে এক পোস্টে লেখেন, আমাকে হারানোর সবচেয়ে সহজ উপায়—আমাকে অসম্মান করা। অন্যায় সহ্য করতে পারি, অবহেলাতেও ফিরে আসতে পারি। ভালোবাসার জন্য অনেক কিছু মেনে নিতে পারি। কিন্তু আত্মসম্মানে আঘাত করলে আমি নিঃশব্দে শেষ হয়ে যাব। যেভাবে ইতিহাসে হারিয়ে যায়। যেভাবে মায়ের কোল থেকে হারিয়ে যায় ছোট্ট শিশু। আল্লাহ সহায়, আল্লাহ উত্তম বিচারক।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ