শহীদ শরিফ ওসমান হাদির রাজনৈতিক লড়াই ও তার কবরকে কেন্দ্র করে বিএনপি ও দলটির শরিকদের একটি অংশের রাজনীতির সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (৯ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘শহীদ ওসমান হাদির রাজনৈতিক লড়াই এবং তার কবরকে কেন্দ্র করে বিএনপি ও তার শরিকদের একটি অংশের যে নোংরা রাজনীতি আমরা দেখছি, তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। যার হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পারছেন না, তার কবর নিয়ে কটাক্ষ করার আগে নিজেদের রাজনৈতিক ও নৈতিক দায়িত্বের কথা ভাবুন।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কিছু বিষয় আপসের ঊর্ধ্বে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ ওসমান হাদির আজাদীর লড়াই ছিল তার রাজনৈতিক অঙ্গীকারের অন্যতম প্রধান দিক।
তিনি বলেন, ‘শহীদ জিয়াউর রহমানের মাজার তার যথাস্থানে থাকুক, শহীদ ওসমান হাদির কবরও তার যথাযথ মর্যাদা ও সম্মানের সঙ্গে সংরক্ষিত থাকুক। কারো কবরকে রাজনৈতিক প্রতিহিংসা কিংবা বিতর্কের হাতিয়ার বানানো উচিত নয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কবর, স্মৃতিচিহ্ন ও রাজনৈতিক প্রতিপক্ষের প্রতীক ভাঙচুরের রাজনীতি দেখা গেছে। সেই রাজনীতির পুনরাবৃত্তি তারা চান না। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যেন নতুন করে আরেকটি অন্যায়ের পথ তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, তার রাজনৈতিক আদর্শ, আজাদীর সংগ্রাম ও আত্মত্যাগ নিয়ে যুক্তিতর্ক হতে পারে। কিন্তু তার কবর নিয়ে কটাক্ষ কিংবা অসম্মান করা উচিত নয়।
পোস্টের শেষাংশে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘কবর নিয়ে নোংরা রাজনীতি নয়—শহীদের হত্যার বিচার চাই, ইতিহাসের মর্যাদা চাই, আধিপত্যমুক্ত বাংলাদেশ চাই।



