সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের একের পর এক হামলার পরিপ্রেক্ষিতে আগামী ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
সোমবার (১২ অক্টোবর) সকালে ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানায় ইউএস-বাংলা এয়ারলাইন্স।
বার্তায় ইউএস-বাংলা জানায়, রিয়াদ এয়ারপোর্ট বন্ধ থাকার কারণে আগামী ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস৩৮১/বিএস৩৮২ (ঢাকা-রিয়াদ-ঢাকা) সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।
ফ্লাইটের নতুন সময়সূচি নির্ধারিত হলে সংশ্লিষ্ট যাত্রীদের জানিয়ে দেওয়া হবে বলেও উল্লেখ করা হয় বার্তায়।
পাশাপাশি আপাতত বিমানবন্দরে যাওয়া থেকে বিরত থাকতে এবং ফ্লাইটের স্ট্যাটাস, পুনরায় টিকিট বুকিং, সর্বশেষ তথ্য জানতে যাত্রীদেরকে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট সেলস কাউন্টার অথবা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
এদিকে রিয়াদের বর্তমান পরিস্থিতির কারণে গত ৩ দিনে বাংলাদেশ থেকে রিয়াদগামী ১০ টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, হুথি হামলার কারণে শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত মোট ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, সৌদিয়ার ৩টি এবং রিয়াদ এয়ারের ৩টি ফ্লাইট। এসব ফ্লাইটের মোট যাত্রী ছিলেন ৩৪৩১ জন।
এর আগে, রোববার হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়।



