চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে হওয়া চুক্তি বাতিল ও শ্রমিক-কর্মচারীদের চাকরির নিশ্চয়তার দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করা হয়েছে। দাবি মানা না হলে আগামী ১৯ অক্টোবর থেকে আমরণ অনশনের আলটিমেটাম দিয়েছেন শ্রমিক নেতারা।
সোমবার বেলা সাড়ে ১১টায় বন্দর ভবনের ওয়ান-স্টপ সার্ভিস সেন্টারের সামনে ‘জাতীয়তাবাদী শ্রমিক দল’ ও ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’-এর যৌথ ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। দুপুর দেড়টা পর্যন্ত চলে এই প্রতীকী অনশন।
প্রতীকী অনশন শেষে শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে জানান, অবিলম্বে এ চুক্তি বাতিল না করা হলে আগামী ১৯ অক্টোবর থেকে সর্বস্তরের শ্রমিক-কর্মচারীরা আমরণ অনশন কর্মসূচি পালন করবেন।
গণঅনশন চলাকালে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, আলোচনার জন্য আমরা সরকারকে সময় দিয়েছিলাম। কিন্তু সরকার এখনো কোনো আলোচনার উদ্যোগ নেয়নি; যে কারণে আমরা অনশনে নামতে বাধ্য হয়েছি। এখনো আমরা সরকারকে সময় দিতে চাই। এরপরও ইতিবাচক পদক্ষেপ না নিলে কঠোর থেকে আরও কঠোরতর কর্মসূচি দেওয়া হবে। জিবুতিসহ বিশ্বের বিভিন্ন দেশে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। আমরা দেশের স্বার্থে এনসিটির চুক্তিও অবিলম্বে বাতিল চাই।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন বলেন, এনসিটির এই গোপন চুক্তিতে কী শর্ত রয়েছে, তা শ্রমিকরা জানেন না, দেশের জনগণও জানে না। আমরা চাই সরকার অবিলম্বে এই গণবিরোধী চুক্তি বাতিল করুক। অন্যথায় ১৯ অক্টোবর এই প্রাঙ্গণেই লাগাতার আমরণ অনশন কর্মসূচি শুরু করা হবে।
অনশন কর্মসূচিতে ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবিরসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় দুবাইভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ছয় মাসের মধ্যে প্রতিষ্ঠানটির টার্মিনাল পরিচালনার দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। বর্তমানে টার্মিনালটি বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড পরিচালনা করছে।



