মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
২৭শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

২০২৭ বিশ্বকাপে কোহলি-রোহিতের জায়গা নির্ভর করছে যে দুই শর্তে

২০২৭ বিশ্বকাপে কোহলি-রোহিতের জায়গা নির্ভর করছে যে দুই শর্তে...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ৪:৫০ পিএমসর্বশেষ: ১৩ অক্টোবর ২০২৬, ৪:৫০ পিএম
২০২৭ বিশ্বকাপে কোহলি-রোহিতের জায়গা নির্ভর করছে যে দুই শর্তে

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠতে এখনো প্রায় এক বছর বাকি। তবে এরই মধ্যে ভারতের সম্ভাব্য দল নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে নানা আলোচনা। বিশেষ করে অভিজ্ঞ দুই তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা আগামী বিশ্বকাপে খেলতে পারবেন কি না, তা নিয়ে চলছে জল্পনা।

এ বিষয়ে নিজের মতামত জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি মিঠুন মানহাস। তার মতে, জাতীয় দলে জায়গা ধরে রাখার ক্ষেত্রে বয়সের চেয়ে ফিটনেস ও পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত।

চলতি বছরের নভেম্বরে ৩৮ বছরে পা দেবেন কোহলি। অন্যদিকে, রোহিতের বয়স এখন ৩৯ বছর। তবে বয়সের কারণে এই দুই ক্রিকেটারকে বিবেচনার বাইরে রাখতে চান না বিসিসিআই সভাপতি। তার মতে, শারীরিক সক্ষমতা ধরে রাখার পাশাপাশি মাঠে ধারাবাহিকভাবে ভালো খেলতে পারলে তাদের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার সম্ভাবনা থাকবে। বর্তমানে দুজনই কেবল ওয়ানডে ক্রিকেটে খেলছেন।

বিশ্বকাপে কোহলির অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে সমর্থকদের মধ্যে তুলনামূলক বেশি আশাবাদ দেখা যাচ্ছে। তার ধারাবাহিক ব্যাটিং, দীর্ঘদিনের আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং ফিটনেস তাকে এগিয়ে রাখছে। অন্যদিকে, সাম্প্রতিক সময়ে চোটের সমস্যায় পড়েছিলেন রোহিত। তবে মাঠে ফিরে কার্যকর ইনিংস খেলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ভারতের সাবেক অধিনায়কও।

কোহলি ও রোহিতের ভবিষ্যৎ নিয়ে আলোচনার মধ্যে মিঠুন মানহাস স্পষ্ট করেছেন, দল নির্বাচনের সিদ্ধান্ত বিসিসিআই সভাপতির হাতে নয়। এ দায়িত্ব মূলত নির্বাচক ও কোচিং স্টাফের। তার ভাষায়, ‘এ বিষয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে মন্তব্য করার সুযোগ নেই। কারণ, দল নির্বাচন পুরোপুরি নির্বাচক ও কোচদের ওপর নির্ভরশীল। তবে আমার মতে, দল নির্বাচনের মাপকাঠি হওয়া উচিত ফিটনেস ও পারফরম্যান্স, বয়স নয়। কোনো ক্রিকেটার যদি খেলার জন্য ফিট থাকেন, ভালো পারফর্ম করেন এবং দেশের হয়ে ম্যাচ জেতাতে পারেন, তাহলে এই বিষয়গুলোই বিবেচনায় নেওয়া উচিত।

এদিকে, ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে গত বছরের অক্টোবরে শুবমান গিলকে ভারতের ওয়ানডে দলের অধিনায়ক করা হয়। ২৭ বছর বয়সি এই ব্যাটসম্যানের নেতৃত্বে ২০২৭ সালের বিশ্বকাপই হবে ভারতের প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। ফলে অভিজ্ঞ কোহলি-রোহিতের ভবিষ্যৎ এবং নতুন নেতৃত্বের অধীনে দলের পরিকল্পনা—দুই বিষয়ই এখন ভারতীয় ক্রিকেটে আলোচনার কেন্দ্রে রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ