হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অস্ত্রোপচার করিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জস বাটলার। কবে নাগাদ মাঠে ফিরবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে চোটের কারণে আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সিরিজেই খেলতে পারবেন না ৩৬ বছর বয়সি এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
গত ২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে হেডিংলিতে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং করার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান বাটলার। ওই ম্যাচে ৪৯ বলে ৬৯ রান করার পথে পাঁচটি ছক্কা হাঁকান তিনি। চোট পেয়ে প্রথমে মাঠ ছাড়লেও পরে আবার ব্যাটিংয়ে ফেরেন। তবে বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি।
চোটের কারণে পাকিস্তানে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজেও খেলা হচ্ছে না বাটলারের। এবার অস্ত্রোপচারের কারণে অস্ট্রেলিয়া সফর থেকেও ছিটকে গেলেন তিনি। আগামী ১৩ নভেম্বর পার্থে শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যার শেষ ম্যাচ ২ ডিসেম্বর ক্যানবেরায়।
সোমবার ইনস্টাগ্রামে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা নিজের একটি ছবি পোস্ট করে অস্ত্রোপচারের বিষয়টি জানান বাটলার। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘অস্ত্রোপচার সফল হয়েছে, এখন সুস্থ হয়ে ফেরার পথে।
বাটলারের পরবর্তী লক্ষ্য দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০। আগামী জানুয়ারিতে ডারবানস সুপার জায়ান্টসের হয়ে খেলার কথা রয়েছে তার। তবে চোট থেকে সেরে উঠতে কত দিন লাগবে, তা এখনো পরিষ্কার নয়। ফলে এই টুর্নামেন্টে তার অংশগ্রহণও অনিশ্চিত হয়ে পড়েছে।



