দেশে ইলিশ মাছের উৎপাদন কমে যাওয়ার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান এবং তা বাড়ানোর উপায় বের করতে গবেষণার উদ্যোগ নিয়েছে সরকার। বিজ্ঞানীদের মাধ্যমে সঠিক কারণ চিহ্নিত করে শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদরের দাসাদী নদীর পাড়ে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ উপলক্ষে আয়োজিত ভিজিএফের চাল বিতরণ ও জনসচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, মা ইলিশ রক্ষা এবং জাটকা নিধন রোধে সরকারের পক্ষ থেকে জেলে সম্প্রদায়কে সর্বোচ্চ সহায়তা দেওয়া হচ্ছে। ইলিশ আমাদের জাতীয় মাছ এবং বিশ্বজুড়ে বাংলাদেশের নদীর ইলিশের যে স্বাদ ও পরিচিতি, তা অনন্য। তবে সম্প্রতি বিভিন্ন কারণে এর উৎপাদন অনেকটাই কমে যাচ্ছে।
তিনি আরও বলেন, শুধুমাত্র মা মাছ বা জাটকা শিকারের কারণেই যে ইলিশ কমছে তা নয়, নদ-নদীতে ডুবোচর জেগে ওঠাও এর অন্যতম বড় কারণ। এর ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়ে মাছের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। ঠিক কী কী প্রতিকূলতার কারণে ইলিশের উৎপাদন কমছে এবং কী ধরনের বৈজ্ঞানিক পদক্ষেপ নিলে উৎপাদন বাড়ানো সম্ভব, তা সুনির্দিষ্টভাবে অনুসন্ধানের জন্য বিজ্ঞানীদের দায়িত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং জেলেদের জীবনযাত্রার মানোন্নয়নে খুব শিগগিরই নতুন একটি সমন্বিত প্রকল্প গ্রহণ করা হবে; যার মাধ্যমে জেলে সম্প্রদায়কে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করা হবে।
চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক এবং চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



