বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
২৮শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

রাষ্ট্র পুনর্গঠন ও টেকসই উন্নয়নে সুশিক্ষিত জাতি গঠন অপরিহার্য

রাষ্ট্র পুনর্গঠন ও টেকসই উন্নয়নে সুশিক্ষিত জাতি গঠন অপরিহার্য...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ৮:১০ পিএমসর্বশেষ: ১৪ অক্টোবর ২০২৬, ৮:১০ পিএম
রাষ্ট্র পুনর্গঠন ও টেকসই উন্নয়নে সুশিক্ষিত জাতি গঠন অপরিহার্য

রাষ্ট্র পুনর্গঠন, টেকসই গণতন্ত্র ও উন্নয়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সুশিক্ষিত জাতি গঠন অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

বুধবার (১৪ অক্টোবর) বিকালে কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মিলনায়তনে সদ্য অবসরপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী মো. আনোয়ার হোসেন এবং অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মারুফ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্তর্জাতিক মানের শিক্ষা পদ্ধতি বাস্তবায়নে সরকার কাজ করছে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সরকার আন্তরিক। এ লক্ষ্যে শিক্ষক প্রশিক্ষণের মেয়াদ ও প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) সক্ষমতা বৃদ্ধি, নতুন শিক্ষকদের সমন্বিত প্রশিক্ষণ, ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ, ধারাবাহিক দক্ষতা উন্নয়ন এবং সমন্বিত শিক্ষক নীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি, ডিজিটাল কনটেন্ট তৈরি, ইন্টারনেট সংযোগ ও স্মার্ট ক্লাসরুম প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন শিক্ষক নিয়োগের আইনি জটিলতা নিরসন এবং দুর্গম এলাকার শিক্ষকদের বিশেষ ভাতা দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। ২০২৭ সালের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিএনপির এই নেতা আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাঋণ ও উচ্চশিক্ষায় বিশেষ সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। নারীদের স্নাতকোত্তর এবং ছেলেদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতেও সরকার কাজ করছে।

শিক্ষার পরিবেশ প্রসঙ্গে ড. খন্দকার মারুফ বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে শিক্ষাঙ্গনে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে এবং শিক্ষার গুণগত মানোন্নয়ন হয়। তাঁর দাবি, বিএনপি সরকার অতীতে ও বর্তমানে পাবলিক পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আসন দখল, অস্ত্রের মহড়া ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার পরিবেশ নষ্ট করার অভিযোগ ছিল। তাঁর ভাষ্য, পাবলিক পরীক্ষায় পাসের হার বাড়ানোর প্রবণতা দেশের শিক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সুস্থ ধারার রাজনীতি, টেকসই উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

মেঘনা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মো. রমিজউদ্দিন লন্ডনী, এস এম সালাহউদ্দিন সরকার, এম এম মিজানুর রহমান, অধ্যাপক শহীদ উল্লাহ, আবু ইউসুব নয়ন, দিলারা শিরীন এবং যুবদল নেতা আতাউর রহমান চেয়ারম্যানসহ স্থানীয় নেতারা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ