জয়পুরহাটের কালাইয়ে ট্রান্সফরমার চুরির মামলায় ছামছুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
তবে অভিযুক্ত যুবকের দাবি, কর্মসংস্থান না থাকা ও চরম অভাবের কারণে তিনি সম্প্রতি নিজের একটি কিডনি বিক্রি করতে বাধ্য হয়েছিলেন।
মঙ্গলবার রাতে উপজেলার মাত্রাই বাজার থেকে তাকে গ্রেফতার করে বুধবার আদালতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর ছামছুলের পকেট থেকে ইরানের একটি প্রেসক্রিপশন উদ্ধার করা হয়।
ছামছুল জানান, মাসখানেক আগে চট্টগ্রামে কাজের সন্ধানে গিয়ে পরিচয় হওয়া এক ব্যক্তির মাধ্যমে তিনি ইরানে যান এবং সেখানে এক নারীর শরীরে তার কিডনি প্রতিস্থাপন করা হয়।
কালাই থানার ওসি সাইদুল আলম বলেন, ট্রান্সফরমার চুরির মামলায় ছামছুলকে গ্রেফতার করা হয়েছে। তবে তার একটি কিডনি অস্ত্রোপচার করে নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



