নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে গ্যাসের গতি বৃদ্ধির কম্প্রেসার লাইনের বিস্ফোরণে দগ্ধ হওয়া চার জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে।
ঘটনার চার দিন পর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ স্বামী শরীফ হোসেন (৩৪) ও স্ত্রী রোজিনা আক্তারের (৩০) মৃত্যু হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, বিস্ফোরণে রোজিনার শরীরের ৬০ শতাংশ এবং শরীফের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর বৃহস্পতিবার ভোর পৌনে ৪টায় স্ত্রী রোজিনা ও ভোর ৪টায় স্বামী শরীফের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত শরীফের শ্যালক রিয়াজ ৪০ শতাংশ এবং বাড়ির তত্ত্বাবধায়ক রনি মিয়া ৭০ শতাংশ দগ্ধ হয়। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।
এর আগে গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর সোনাপুর উত্তরপাড়া গ্রামের শাহ আলম মিয়ার বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে গ্যাস লাইনের গতি বৃদ্ধির কম্প্রেসার লাইনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দ্বিতীয় তলার কক্ষে থাকা একই পরিবারের স্বামী শরীফ হোসেন, তার স্ত্রী রোজিনা আক্তার, শ্যালক রিয়াজ ও ওই বাড়ির তত্ত্বাবধায়ক রনি মিয়া অগ্নিদগ্ধ হন। মুমূর্ষু অবস্থায় রাতেই তাদের উদ্ধার করে রাজধানী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।



