রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন চলমান ও প্রস্তাবিত পানিসম্পদ উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিদর্শনকালে তিনি প্রকল্পগুলোর অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি এবং নদীভাঙন ও বন্যা নিয়ন্ত্রণ কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় নদীভাঙন রোধ, নদী-খাল পুনঃখনন এবং জনপদ ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
সকালে রাজশাহীতে পৌঁছে প্রতিমন্ত্রী পবা উপজেলার নওহাটা ব্রিজ-সংলগ্ন এলাকায় ‘রাজশাহী ও নাটোর জেলার অন্তর্গত বারনই নদী পুনঃখনন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ’ শীর্ষক প্রকল্পের এলাকা পরিদর্শন করেন।
পরে তিনি গোদাগাড়ী পৌরসভা এলাকায় পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করেন। এরপর নদী পাড়ি দিয়ে চর আসারিয়াদহ ইউনিয়নে যান। এ সময় নদীভাঙন প্রতিরোধ, নদীতীরবর্তী জনপদ ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা এবং স্থানীয় মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এরপর রাজশাহী শহরের আই-বাঁধ, টি-বাঁধ ও শহর রক্ষা বাঁধ এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
দুপুরে নাটোরের উদ্দেশে যাত্রা করে তিনি জেলার প্রস্তাবিত ‘বড়াল নদী অববাহিকায় পানিসম্পদ পুনর্বাসন (বড়াল নদী ড্রেজিং, নারদ নদ ও মুসা খাঁ নদী পুনঃখনন)’ প্রকল্পের এলাকা পরিদর্শন করেন। এ সময় প্রকল্পের প্রস্তাবনা ও বাস্তবায়ন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে তাকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, নদী, খাল ও জলাশয়ের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং নদীভাঙন ও জলাবদ্ধতা মোকাবিলায় সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে। পানিসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি, পরিবেশ ও জনজীবনের সুরক্ষা নিশ্চিত করতে হবে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনস্বার্থ, কারিগরি সক্ষমতা ও দীর্ঘমেয়াদি সুফলকে অগ্রাধিকার দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শফিকুল হক মিলন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিন, রাজশাহীতে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আবুল হোসেন তুহিন, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।
সফরকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে প্রকল্পগুলোর বর্তমান অবস্থা, বাস্তবায়ন-সংক্রান্ত চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানান।


-6ad0d63f45dd8.jpg)
