মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের গিরিনগরে ৬৪ বছরের পুরোনো খেলার মাঠ রক্ষার দাবিতে পাঁচ শতাধিক গ্রামবাসীর অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে চিত্রকোট ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষ অংশ নেন।
একই সঙ্গে খেলার মাঠ রক্ষার প্রতিবাদ করায় বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে গিরিনগর জোনাকি সংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদও জানানো হয় কর্মসূচি থেকে।
মানববন্ধনে এলাকাবাসী জানান, প্রায় ৬৪ বছর ধরে গিরিনগর জোনাকি সংসদের খেলার মাঠটি আশপাশের তিন গ্রামের শিশু-কিশোর ও সাধারণ মানুষ সার্বজনীনভাবে ব্যবহার করে আসছেন। মাঠটি এলাকার শিশু-কিশোরদের শারীরিক বিকাশ, খেলাধুলা, বিনোদন ও সামাজিক কর্মকাণ্ডের একমাত্র প্রাণকেন্দ্র। এই মাঠ রক্ষা করা কেবল একখণ্ড জমি রক্ষা নয়, বরং আগামী প্রজন্মের সুস্থ ও স্বাভাবিকভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করার দাবি।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে খেলার মাঠ হিসেবে ব্যবহৃত জায়গাটি একটি স্বার্থান্বেষী মহল দখলের পাঁয়তারা চালাচ্ছে। যারা মাঠের মালিকানা দাবি করছেন, তাদের বৈধ কাগজপত্র জনসম্মুখে প্রদর্শনের আহ্বান জানান গ্রামবাসী।
তারা স্পষ্ট ঘোষণা দেন, বৈধ কাগজপত্র উপস্থাপন করা হলে বিষয়টি আইনগতভাবে মেনে নেওয়া হবে। প্রয়োজনে বর্তমান বাজারদর অনুযায়ী জমির মূল্য পরিশোধ করে মাঠটি রক্ষার বিষয়েও গ্রামবাসী প্রস্তুত রয়েছেন।
চিত্রকোট ইউনিয়ন বিএনপির সভাপতি ও স্থানীয় অভিভাবক মো. খোরশেদ আলম বলেন, আমাদের সন্তানদের খেলাধুলার জন্য এই মাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুগ যুগ ধরে শিশুরা এখানে খেলাধুলা করে আসছে। এটি দখল হয়ে গেলে ভবিষ্যৎ প্রজন্মের আর কোনো খেলার জায়গা থাকবে না। আমরা চাই, মাঠটি রক্ষা পাক এবং প্রশাসনের মাধ্যমে বিষয়টি সুষ্ঠু সমাধান হোক।
চিত্রকোট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, প্রায় ৬৪ বছর ধরে তিন গ্রামের মানুষ এই মাঠটি উন্মুক্ত খেলার জায়গা হিসেবে ব্যবহার করছেন। মাঠটি নিয়ে বিরোধ তৈরি হওয়ায় আমরা গভীর উদ্বিগ্ন। যারা জমির মালিকানা দাবি করছেন, তারা বৈধ দলিলপত্র প্রশাসনকে দেখান। কাগজপত্র যাচাই-বাছাই করে ন্যায়সঙ্গত সমাধান করা হোক।
অভিভাবক শহিদুল ইসলাম বাবু ও মাসুদ রানা বিপ্লব বলেন, আমরা কোনো ধরনের সংঘাত বা বিশৃঙ্খলা চাই না। আমাদের একমাত্র দাবি—প্রশাসন নিরপেক্ষভাবে কাগজপত্র যাচাই করে প্রকৃত সত্য উদ্ঘাটন করুক। শিশু-কিশোরদের সুস্থ মানসিক বিকাশের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করছি।
গিরিনগর জোনাকি সংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম উজ্জ্বল মোল্লা বলেন, এই মাঠের সঙ্গে তিন গ্রামের মানুষের দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক ও আবেগ জড়িয়ে রয়েছে। ৬৪ বছর ধরে এটি ব্যবহৃত হচ্ছে। মাঠ রক্ষার দাবিতে কথা বলায় আমাকে জড়িয়ে কিছু সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। আমরা চাই প্রকৃত সত্য প্রকাশ পাক। যারা দাবি করছেন, তারা বৈধ কাগজপত্র উপস্থাপন করুন। আমাদের উদ্দেশ্য কারও সঙ্গে বিরোধে জড়ানো নয়, বরং খেলার মাঠটি রক্ষা করা এবং এলাকাবাসীর অধিকার নিশ্চিত করা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাঠটির মালিকানাসংক্রান্ত যাবতীয় কাগজপত্র যাচাই করে দ্রুত একটি সুষ্ঠু ও টেকসই সমাধানের জন্য উপজেলা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।



