রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
৩ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া ক্রিকেটার মেহরবের তিন লাখ টাকা উদ্ধার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া ক্রিকেটার এসএম মেহরব হাসানের তিন লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। চুরির ঘটনায় গ্রেফতার চার জনের মধ্যে একজনের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহী নগরীর কাজলা মৃধাপাড়া থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পিএমসর্বশেষ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পিএম
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া ক্রিকেটার মেহরবের তিন লাখ টাকা উদ্ধার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া ক্রিকেটার এসএম মেহরব হাসানের তিন লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টায় রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চুরির ঘটনায় গ্রেফতার চার জনের মধ্যে মোজাম্মেল হক জানান- চুরি হওয়া লাগেজ থেকে নেওয়া তিন লাখ টাকা তার ভাড়া বাসায় আছে। পরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল রাজশাহী নগরীর কাজলা মৃধাপাড়ায় তার ভাড়া বাসার ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে টাকাগুলো উদ্ধার করে।

জাতীয় ক্রিকেট লীগ শেষে বুধবার ঢাকা থেকে রাজশাহী ফেরে বিভাগীয় ক্রিকেট টিম। তাদের ৫৪টি লাগেজ কাভার্ডভ্যানে পাঠানো হয়েছিল। সকালে কাভার্ডভ্যান থেকে মালামাল নামানোর সময় আটটি লাগেজ কম পাওয়া যায়। এ নিয়ে মেহরব হাসান থানায় একটি জিডি করেন।

পরে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করে পুলিশ। তারা রাজশাহীর পুঠিয়া এলাকায় মোটরসাইকেলের মাধ্যমে চলন্ত কাভার্ডভ্যানে উঠে দরজার তালা ভেঙে আটটি লাগেজ নামিয়ে নিয়েছিলেন। পুলিশ ওই লাগেজগুলোও উদ্ধার করে। এতে অন্যান্য মালামাল পাওয়া গেলেও টাকাগুলো পাওয়া যায়নি।

এ নিয়ে একটি মামলা হলে বৃহস্পতিবারই আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আদালতে রুবেল আহমেদ (৩৮) নামের এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। এ চক্রের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ