লিওনেল মেসিকে ছাড়াই নতুন অধ্যায়ের পথে হাঁটতে যাচ্ছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। আগামী নভেম্বরের ফিফা আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। এ সময় আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ হিসেবে থাকছে উরুগুয়ে ও কোস্টারিকা।
সূচি অনুযায়ী, আগামী ১৩ নভেম্বর বুয়েনস আইরেসে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ঐতিহাসিক লা বোমবোনেরা স্টেডিয়ামে আয়োজন করা হতে পারে ম্যাচটি। বিকল্প ভেন্যু হিসেবে লা প্লাতার এস্তাদিও উনিকো স্টেডিয়ামের কথাও বিবেচনায় ছিল। তবে সেখানে সংস্কারকাজ চলমান থাকায় লা বোমবোনেরাই এগিয়ে রয়েছে।
আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। কর্ডোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে খেলবে দলটি। এর আগে নিজেদের সর্বশেষ সফরে এই শহরেই বলিভিয়াকে হারিয়েছিল আর্জেন্টিনা।
এই দুটি ম্যাচের মধ্য দিয়ে মেসিকে ছাড়া আর্জেন্টিনার নতুন পথচলার আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে। বেনিনের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে আবেগঘন পরিবেশে জাতীয় দলের জার্সিতে নিজের ঐতিহাসিক অধ্যায়ের ইতি টেনেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসি।
শুধু মেসিই নন, বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার হয়ে খেলতে দেখা যাবে না অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিকেও। তার অনুপস্থিতিতে ক্রিস্তিয়ান রোমেরোকে দলের নতুন অধিনায়ক করা হয়েছে।
এদিকে, আসন্ন ট্রেনিং ক্যাম্পে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির চুক্তি নবায়নের বিষয়টিও আরও এগোতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০২৭ সালের মার্চে পরবর্তী বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে দল গোছানোর গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে এই দুটি ম্যাচকে কাজে লাগাতে চান স্কালোনি। এ সময় নতুন খেলোয়াড়দের পরখ করার পাশাপাশি দলের কৌশল ও একাদশ নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারেন তিনি।
মেসি ও ওতামেন্দিকে ছাড়াই নতুন নেতৃত্বে আর্জেন্টিনা কতটা কার্যকর ফুটবল খেলতে পারে, উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দুটি হবে তারই গুরুত্বপূর্ণ পরীক্ষা।



