শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
২ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

লম্বা ছুটিতে পর্যটকে পরিপূর্ণ বান্দরবান

লম্বা ছুটিতে পর্যটকে পরিপূর্ণ বান্দরবান...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:২০ এএমসর্বশেষ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:২০ এএম
লম্বা ছুটিতে পর্যটকে পরিপূর্ণ বান্দরবান

শারদীয় দুর্গাপূজার টানা পাঁচ দিনের ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত বান্দরবানের পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ইতোমধ্যে আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত জেলার বিভিন্ন আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট ও সরকারি রেস্টহাউসের শতভাগ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। শেষ মুহূর্তে বুকিংয়ের জন্য যোগাযোগ করে কোথাও রুম ফাঁকা না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন ভ্রমণপিপাসুরা।

প্রশাসন ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, ছুটির খবর আগেভাগে ছড়িয়ে পড়ায় জেলার ভালো মানের হোটেল-মোটেল ও রিসোর্টগুলোর প্রায় সব কক্ষ বুকিং হয়ে গেছে। কোথাও কোনো কক্ষ ফাঁকা নেই। তবে জেলা শহরের বাইরে দূরবর্তী পর্যটনকেন্দ্রগুলোর কিছু আবাসন প্রতিষ্ঠানে এখনো ১০ শতাংশের মতো কক্ষ ফাঁকা রয়েছে।

অন্যদিকে, আগামী ২৫ অক্টোবর বৌদ্ধ ধর্মাবলম্বীদের ওয়াগ্যোয়াই পোয়ে বা প্রবারণা পূর্ণিমা থাকায় পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করছেন পর্যটন খাতের ব্যবসায়ীরা। এ পরিস্থিতিতে ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকদের আগেভাগেই আবাসন নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তারা।

হোটেল ডি-মোরের ফ্রন্ট ডেস্ক ম্যানেজার মংচিং মারমা বলেন, তাদের হোটেলে চার হাজার থেকে ১০ হাজার টাকা মূল্যের বিভিন্ন শ্রেণির ৪৭টি কক্ষ রয়েছে। আগামী ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সব কক্ষ আগাম বুকিং হয়েছে।

হোটেল গ্র্যান্ড ভ্যালির ম্যানেজার মোহাম্মদ সুমন বলেন, তাদের হোটেলে দুই হাজার ৫০০ থেকে ছয় হাজার টাকা মূল্যের ৪৬টি কক্ষ রয়েছে। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সব কক্ষ বুকিং হয়ে গেছে। গ্রাহকদের ১০ থেকে ১৫ শতাংশ মূল্যছাড়ও দেওয়া হচ্ছে।

বান্দরবান হোটেল ওনার্স সমিতির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, সারা বছরই বান্দরবানের পর্যটন স্পটগুলোতে কমবেশি পর্যটকের আনাগোনা থাকে। তবে বিশেষ ছুটিতে পর্যটকের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। এবার দুর্গাপূজার ছুটিতেও আশানুরূপ পর্যটক সমাগমের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, আগত পর্যটকদের সার্বিক সেবা নিশ্চিত করতে হোটেল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ২০ থেকে ২৪ অক্টোবরের মধ্যে যারা বান্দরবান ভ্রমণে আসতে চান, তাদের আগেই আবাসন নিশ্চিত করা উচিত ছিল।

এদিকে, পর্যটকদের বাড়তি চাপ সামাল দিতে পর্যটনকেন্দ্রগুলোসহ সড়কে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বান্দরবান ট্যুরিস্ট পুলিশের পুলিশ পরিদর্শক (ওসি) ফরিদ উদ্দীন বলেন, দুর্গাপূজার ছুটিতে বান্দরবানে প্রচুর পর্যটক আসার সম্ভাবনা রয়েছে। তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পর্যটন স্পটগুলোতে ইউনিফর্মের পাশাপাশি সাদাপোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ