যশোর শহরে একটি পরিত্যক্ত প্যাকেট থেকে আটটি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
আজ শনিবার সকালে এসআরবি-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শহরের শঙ্করপুরের বালির মাঠ এলাকা থেকে ভোররাত ১টার দিকে এসআরবি-৬ এর সদস্যরা ককটেলগুলো উদ্ধার করেছেন।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন কয়েকজন দুর্বৃত্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে ওই এলাকায় তল্লাশি করে পরিত্যক্ত একটি প্যাকেট থেকে আটটি ককটেল উদ্ধার করা হয়।
নাঈম জানান, ককটেলগুলো কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।



