পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নিখোঁজের একদিন পর ১০ মাস বয়সী শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের একটি খাল থেকে রাসেল খান ও রুমানা বেগম দম্পতির ছেলের মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, রাইয়ান নামে শিশুটি বৃহস্পতিবার সকালে নিখোঁজ হয়। রাসেল তার ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়েছিলেন। সে সময় রুমানা ব্যস্ত ছিলেন গৃহস্থালি কাজে। সে সময় ঘরে তার বোন জামাই আল আমিন উপস্থিত ছিলেন।
পরিবারের সদস্যদের দাবি, আল আমিন রাইয়ানকে হত্যা করেছেন।
ওই রাতেই রুমানা বাদী হয়ে কলাপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তাতে আল আমিন ছাড়াও অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করা হয়েছে।
এ সময় রুমানা বেগমের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। তিনি বিলাপ করতে করতে বলেন, ‘আমি আমার সোনাজাদুরে ছাড়া কেমনে বাঁচমু। তোমরা আমার রাইয়ানকে এনে দাও। আমার নিষ্পাপ ছেলেরে যারা নির্দয়ভাবে মারছে, তাদের বিচার চাই।
জানতে চাইলে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা থানায় জানায়। পুলিশ পরবর্তীতে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
‘ইতোমধ্যে আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে,’ বলেন এই পুলিশ কর্মকর্তা।



