শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
২ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত, দাম্মাম রুটে চালুর পরিকল্পনা

রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত, দাম্মাম রুটে চালুর পরিকল্পনা...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ৭:২৬ পিএমসর্বশেষ: ১৭ অক্টোবর ২০২৬, ৭:২৬ পিএম
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত, দাম্মাম রুটে চালুর পরিকল্পনা

সৌদি আরবের রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে সংস্থাটি। এ ক্ষেত্রে দাম্মাম বিমানবন্দরের অনুমতি পাওয়া সাপেক্ষে ফ্লাইট পরিচালনা করা হবে।

শনিবার (১৭ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে দুই দফায় ২১ অক্টোবর পর্যন্ত এসব রুটে ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছিল বিমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট যথারীতি চালু রয়েছে। যাত্রীরা এই দুই বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

যাত্রীদের সুবিধার্থে মদিনা রুটে বেশি যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ ব্যবহার করছে বিমান। এ ব্যবস্থা আগামীকাল রোববার পর্যন্ত চালু থাকবে। সোমবার থেকে এ রুটে আগের মতো বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনা করা হবে। এ ছাড়া যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, এসব রুটে ফ্লাইট পরিচালনা ও সময়সূচি সম্পর্কে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে। টিকিট কেনা, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের টিকিট বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এদিকে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসও রিয়াদগামী সব ফ্লাইট ২১ অক্টোবর পর্যন্ত বাতিল করেছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ