নানা ঘটনা, অস্ত্রহাতে মহড়া ও হামলার ভিডিও ভাইরাল হওয়া, গ্রেফতার পরবর্তী জামিনে বের হয়ে ফের সক্রিয় হওয়ার চেষ্টা করা ৮ বছরের সাজাপ্রাপ্ত কোম্পানীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সহিদ উল্যাহ প্রকাশ কেচ্ছা রাসেলকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার নিজ বাড়ী থেকে এসআরবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাসেল বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের করালিয়া গ্রামের শফি উল্যাহর ছেলে। সে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা অনুসারি বলে জানা গেছে।
জানা যায়, তার বিরুদ্ধে ২০০৬ সাল থেকে ২০২১ পর্যন্ত অস্ত্রসহ বিভিন্ন ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় ১৬টি মামলা ছিল। সর্বশেষ বসুরহাট বাজারে ২০২১ সালের ১৩ মে প্রতিপক্ষের নেতাকর্মীদের প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলি করলে আলোচনায় আসে রাসেল।
সেসময় আবদুল কাদের মির্জার অনুসারি হিসেবে তার বিরুদ্ধে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. নূর নবী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ জাহান সাজু, ছাত্রলীগ নেতা করিম উল্যাহ শাকিলসহ অন্তত ২০জনকে গুলি করে, পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ রয়েছে।
পরে একাধিকবার তাকে পুলিশ ও ডিবি গ্রেফতার করে। সম্প্রতি জামিনে বের হয়ে ফের সক্রিয় হওয়ার চেষ্টা করলে তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করে এসআরবি ও পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে বর্তমানে অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রমের বিভিন্ন ঘটনায় ১০টি মামলা রয়েছে। তাকে রোববার সকালে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।



