সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
৪ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

স্বাস্থ্য ও চিকিৎসা

স্বাস্থ্য ব্যবস্থার ডিজিটাল রূপান্তরে জাতীয় হ্যাকাথন, নিবন্ধন চলবে এক মাস: প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ব্যবস্থার ডিজিটাল রূপান্তরে জাতীয় হ্যাকাথন, নিবন্ধন চলবে এক মাস: প্রতিমন্ত্রী...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ৬:০১ পিএমসর্বশেষ: ১৮ অক্টোবর ২০২৬, ৬:০১ পিএম
স্বাস্থ্য ব্যবস্থার ডিজিটাল রূপান্তরে জাতীয় হ্যাকাথন, নিবন্ধন চলবে এক মাস: প্রতিমন্ত্রী

দেশের প্রায় ২০ কোটি মানুষের সমন্বিত স্বাস্থ্য তথ্যভাণ্ডার তৈরি, তথ্যের সুরক্ষা নিশ্চিত করা এবং ‘ই-হেলথ কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় হ্যাকাথনের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। স্বাস্থ্য খাতের ডিজিটাল রূপান্তরে তরুণদের উদ্ভাবনী ধারণা কাজে লাগাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। হ্যাকাথনে নিবন্ধন চলবে এক মাস। নিবন্ধন ও বাছাই শেষে নির্বাচিত দলগুলোকে নিয়ে ঢাকায় তিন দিনব্যাপী বুটক্যাম্প অনুষ্ঠিত হবে।

রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অংশীদারত্বে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

হ্যাকাথনের গুরুত্ব তুলে ধরে ড. এম এ মুহিত বলেন, দায়িত্ব নেওয়ার পর ই-হেলথ কার্ড নিয়ে কাজ শুরু করলে অনেকেই আলাদাভাবে বিভিন্ন উদ্ভাবনী ধারণা নিয়ে আসেন। তবে বিচ্ছিন্নভাবে কাজ করলে স্বাস্থ্য খাতের বিভিন্ন উদ্যোগ আলাদা গণ্ডিতে আটকে থাকে, যা পরবর্তী সময়ে সমন্বয় করা কঠিন হয়ে পড়ে। ডিজিটাল ব্যবস্থায় স্বাস্থ্য খাতের প্রতিটি বিভাগকে পরস্পরের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যেই হ্যাকাথনের মাধ্যমে সবাইকে একটি সমন্বিত ও স্বচ্ছ প্ল্যাটফর্মে আনা হচ্ছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, প্রায় ২০ কোটি মানুষের স্বাস্থ্য তথ্য নিয়ে একটি বিশাল তথ্যভাণ্ডার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। একজন নাগরিক যতবার চিকিৎসকের কাছে যাবেন, ওষুধ কিনবেন কিংবা পরীক্ষাগারে পরীক্ষা করাবেন, তাঁর চিকিৎসাসংক্রান্ত তথ্য নিয়মিত এই ভাণ্ডারে যুক্ত হবে। এই বিপুল তথ্যভাণ্ডার স্বাস্থ্য গবেষণার গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে পারে।

তিনি বলেন, বৈশ্বিক বিভিন্ন কোম্পানিও এ ধরনের তথ্যভাণ্ডারে বিনিয়োগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মেশিন লার্নিং মডেলে এসব তথ্য ব্যবহারে আগ্রহ দেখাচ্ছে। তবে দেশের সার্বভৌমত্ব, তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করেই এ প্রযুক্তি কাজে লাগাতে হবে।

হ্যাকাথনে অংশগ্রহণের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, দেশের সব অঞ্চলের তরুণ উদ্ভাবকেরা স্বাস্থ্যসেবায় ডিজিটাল সমাধানের ধারণা নিয়ে অংশ নিতে পারবেন। আগামী এক মাস নিবন্ধন কার্যক্রম চলবে। এরপর নিবন্ধিত দলগুলোর মধ্য থেকে নির্বাচিতদের নিয়ে ঢাকায় তিন দিনব্যাপী নিবিড় বুটক্যাম্প আয়োজন করা হবে। সেখানে দেশি-বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞরা তরুণদের পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন, যাতে তাঁদের প্রাথমিক ধারণাগুলোকে কার্যকর ও টেকসই সমাধানে রূপ দেওয়া যায়।

অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, সরকারের উচ্চপর্যায়ে তদবির ও স্বজনপ্রীতির সুযোগ কমিয়ে সবার জন্য সমান সুযোগ এবং স্বচ্ছতা তৈরিতে এ ধরনের উন্মুক্ত প্রতিযোগিতা ভূমিকা রাখবে। এর মাধ্যমে ঢাকার বাইরের প্রত্যন্ত অঞ্চলের তরুণদের উদ্ভাবনী ধারণাও সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছানোর সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবা খাতের বাজারের আকার আনুমানিক ১৪ বিলিয়ন ডলার। সঠিক তথ্যের অভাবে এ বাজারের সম্ভাবনা এখনো পুরোপুরি মূল্যায়িত হয়নি। স্বাস্থ্য খাত ডিজিটাল করা এবং নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তোলা গেলে দেশি-বিদেশি বড় বিনিয়োগ আকৃষ্ট করার সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রাজেশ নারওয়াল, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক দিল আফরোজা, ইউনিসেফের স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. মালালয় আহমাদজাই, এডিএন টেলিকম লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আসিফ মাহমুদ, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের পরিচালক ডা. কাজী সাইফুদ্দিন বেননুর এবং বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার ইফফাত মাহমুদ।

অনুষ্ঠানে মূল বক্তব্য দেন ইন্টারস্পিড অ্যাডভার্টাইজিং লিমিটেডের গ্রুপ ডিরেক্টর আদনান করিম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শ্বাসতন্ত্রের রোগ বিশেষজ্ঞ ডা. মানাল মিজানুর রহমান।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ