রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
৩ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ পিএমসর্বশেষ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ পিএম
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গল সরকার স্মৃতি জাতীয় হাজং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, শুধু ফুটবল নয়, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে ভলিবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন বাড়াতে হবে।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গল সরকার স্মৃতি জাতীয় হাজং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাজং স্টুডেন্ট কাউন্সিলের (হাসুক) উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আজকের এই খেলার মূল প্রতিপাদ্য হচ্ছে মাদকমুক্ত এলাকা গড়ে তোলা। খেলাধুলার মাধ্যমে মাদকের বিরুদ্ধে নীরব ও শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো। যারা এ খেলার আয়োজন করেছেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, মাদক নির্মূল তথা মাদক প্রতিরোধে খেলাধুলার মতো সহশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই।

হাজং সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে ডেপুটি স্পিকার বলেন, হাজং ভাষা সংরক্ষণে ব্যক্তিগত উদ্যোগে একটি বই প্রকাশ করেছি। প্রকাশের অন্যতম উদ্দেশ্য হলো, হাজং ভাষা যেন আমাদের এই মানচিত্র থেকে হারিয়ে না যায়, আমাদের দেশ থেকে বিলুপ্ত না হয়।

সম্প্রীতি ও সহাবস্থানের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা কে আদিবাসী, কে হিন্দু, কে ক্ষুদ্র নৃগোষ্ঠীর, কে মুসলমান—এভাবে ভেদাভেদ না করে সবাই মিলে শান্তিপূর্ণভাবে এ এলাকায় বসবাস করব।

এ সময় উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ, কলমাকান্দা থানার ওসি সোহেল রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া, খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক, আয়োজক কমিটির সভাপতি তপন হাজং ও সাধারণ সম্পাদক নাঈম হাজংসহ স্থানীয় ব্যক্তিরা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ