কুমিল্লায় যুবদল নেতা আবু কাউছার হত্যাকাণ্ডে পাঁচজনকে আসামি করে মামলা করা হয়েছে। এ মামলায় প্রধান অভিযুক্ত তৌহিদুল ইসলাম তৌহিদ ও তার ভাই তানজীরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৮ অক্টোবর) বিকালে নিহত কাউছারের ভাই কবীর হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন। মামলার অন্য আসামিরা হলেন তৌহিদের বাবা খোরশেদ আলম, সাইফুল ইসলাম সুমন ও ফরহাদ হোসেন।
এদিকে মামলার প্রধান দুই ঘাতক তৌহিদ ও তানজীরকে রোববার বিকালে আদালতে হাজির করা হয়। এ সময় তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরহাদ রায়হান ভূঁইয়া দুই ভাইয়ের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা আরিফুল ইসলাম।
এর আগে মামলা দায়ের নিয়ে পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তোলেন নিহত কাউছারের স্বজনরা। তাদের অভিযোগ, পুলিশ প্রথমে শুধু প্রধান অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নিতে চেয়েছিল। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও দুইজনের নাম মামলায় অন্তর্ভুক্ত করা নিয়ে স্বজনদের সঙ্গে পুলিশের তর্কাতর্কি হয়। পরে পাঁচজনকে আসামি করে মামলাটি গ্রহণ করে পুলিশ।
উল্লেখ্য, শুক্রবার (১৬ অক্টোবর) কুমিল্লা মহানগরীর গোমতী নদীর উত্তরপাড়ের ছত্রখিল এলাকায় কাউছারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত কাউছার মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা ছিলেন। তিনি স্থানীয় নেতা কবিরের ছোট ভাই।
এ ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদুল ইসলাম তৌহিদকে শুক্রবার রাতে আটক করে পুলিশ। পরে তার ভাই তানজীরকেও আটক করা হয়। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।



