বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান।
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকার ও বাংলাদেশ দূতাবাসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
তিনি বলেন, এ বিষয়ে সরকার ও বাংলাদেশ দূতাবাস নিজেদের অবস্থান স্পষ্ট করতে বাধ্য।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, জানার বিষয় হলো, উক্ত দুই ব্যক্তির বিচারিক প্রক্রিয়ায় আমাদের দূতাবাস কিংবা কনস্যুলেটের সম্পৃক্ততা ছিল কি না। সরকারের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন ব্যক্তির বক্তব্য থেকে সঙ্গত কারণেই প্রশ্নের উদ্রেক হয়েছে, যখন তারা বলেছেন, দণ্ড কার্যকর হওয়ার পরে বিষয়টি আমরা জানতে পেরেছি।
সম্প্রতি সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে বলে উল্লেখ করেন জামায়াত আমির।
তিনি বলেন, বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত। প্রবাসীদের স্বার্থ রক্ষার পাশাপাশি দেশের মর্যাদা ও স্বার্থ রক্ষার জন্যই বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেট রয়েছে।
শফিকুর রহমান বলেন, নিঃসন্দেহে প্রতিটি দেশ তার বিদ্যমান আইনের আলোকেই আদালতে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। তবে যেহেতু এ দুজন প্রবাসী বাংলাদেশি এবং বিষয়টি মৃত্যুদণ্ডের, কাজেই এ ব্যাপারে দূতাবাস তার দায়িত্ব পালন করেছে কি না, সরকার যেন জনগণের কাছে তা স্পষ্ট করে।
মৃত্যুদণ্ড কার্যকরের কারণ হিসেবে যে অপরাধের কথা জানা গেছে, একই ধরনের অপরাধে জড়ানোর ঝুঁকি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে থাকলে তা মোকাবিলায় সরকার ও দূতাবাসের কী উদ্যোগ রয়েছে, সে বিষয়েও ব্যাখ্যা চান তিনি।
ভবিষ্যতে কোনো প্রবাসী যাতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার সময় দূতাবাসের কাছ থেকে তার প্রাপ্য সহায়তা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করার আহ্বান জানান জামায়াত আমির।
তিনি বলেন, দেশের মর্যাদা রক্ষায় ও সংশ্লিষ্ট দেশের আইনশৃঙ্খলা মেনে চলার ক্ষেত্রে প্রবাসীদের সচেতন করা হবে সরকারের অন্যতম দায়িত্ব।
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে আলোচনা-পর্যালোচনার পরিবর্তে সংশ্লিষ্টদের নিজেদের ভূমিকা পর্যালোচনার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, যে দুইজনের ওপর দণ্ড কার্যকর হয়েছে, তাদের বিষয়ে আলোচনা-পর্যালোচনার চেয়ে নিজেদের অবস্থান পর্যালোচনা করা সকলের জন্যই উত্তম।



