যশোরের ঝিকরগাছায় দুর্গাপূজার মণ্ডপ দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ভাইবোন নিহত হয়েছে। এ ঘটনায় তাদের মা-বাবাসহ চারজন আহত হয়েছেন।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকার কাউন্সিল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো ঝিকরগাছার মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)। সাধন যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে দুর্গাপূজার মণ্ডপ দেখতে বের হন সাধন। পথে ফুলতলা এলাকায় তাদের বহনকারী ভ্যানের সঙ্গে গরু বহনকারী নসিমনের সংঘর্ষ হয়। এ সময় নসিমনটি উল্টে ভ্যানের ওপর পড়ে। এতে দুই শিশু চাপা পড়ে মারা যায়। আহত হন সাধন ও তার স্ত্রী।
এছাড়া নছিমনের চালক ও এর আরেক যাত্রীও গুরুতর আহত হন। তাদেরকে যশোর জেনারেল হাসপাতাল ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই শিশুর মরদেহ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।



