ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন—মধুখালীতে অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন এবং কানাইপুরে অটোরিকশায় ট্রাকচাপায় তিনজন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।
আজ শুক্রবার দুপুর সোয়া ৩টা ও সাড়ে ৩টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দি এবং ফরিদপুর সদরের কানাইপুরের তেঁতুলতলা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ৩টার দিকে মধুখালীর নওপাড়া ইউনিয়নের আড়কান্দি সেতুর কাছে ফরিদপুর থেকে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে পূর্বাশা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায়।
প্রাথমিকভাবে জানা গেছে, এ দুর্ঘটনায় হতাহত সবাই ভলান্টিয়ার ফর বাংলাদেশ, মাগুরা দলের সদস্য। তারা আজ সকালে ফরিদপুরে একটি প্রশিক্ষণে অংশ নিতে গিয়েছিলেন। প্রশিক্ষণ শেষে অ্যাম্বুলেন্সে করে মাগুরায় ফেরার পথে এ দুর্ঘটনায় পড়েন।
এ ঘটনায় নিহতরা হলেন—মাগুরা সদর উপজেলার মালিগ্রাম এলাকার মো. বশারত মোল্লার ছেলে মো. রাব্বি হাসান, ঐশি ও মো. আতিক।
মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল আমিন বলেন, ‘দুর্ঘটনার পর ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
অন্যদিকে, বিকেল সাড়ে ৩টার দিকে কানাইপুরের তেঁতুলতলা এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় বালুবোঝাই ট্রাকচাপায় নিহত হন চাঁপাইনবাবগঞ্জের পলাশ মিয়ার স্ত্রী সুমি বেগম (৩২) ও তাদের ছেলে শাওন (৭) এবং অটোরিকশাচালক, যার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
করিমপুর হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ঢাকার নিবাসী সুমি বেগম সপরিবারে মাগুরায় বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। ঢাকা ফেরার বাসের টিকিট না পেয়ে তারা একটি অটোরিকশায় ফরিদপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথে তেঁতুলতলা এলাকায় ফরিদপুরের দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী অটোরিকশা ও একটি প্রাইভেটকারের ওপর পড়ে। এতে অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমি ও শাওনকে মৃত ঘোষণা করেন। পরে বালুর নিচে চাপা পড়া অটোরিকশাচালককে প্রায় এক ঘণ্টার চেষ্টায় মৃত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এ ঘটনায় আহত অপর চারজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, ‘ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



