সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
১১ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রাজনীতি

‘পদত্যাগের আগের রাতে বিএনপি নেতার বাসায় গিয়েছিলেন আসিফ মাহমুদ’

‘পদত্যাগের আগের রাতে বিএনপি নেতার বাসায় গিয়েছিলেন আসিফ মাহমুদ’...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১১:০২ পিএমসর্বশেষ: ২৫ অক্টোবর ২০২৬, ১১:০২ পিএম
‘পদত্যাগের আগের রাতে বিএনপি নেতার বাসায় গিয়েছিলেন আসিফ মাহমুদ’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ থেকে পদত্যাগের আগের রাতে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বাসায় গিয়েছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিএনপিতে সুযোগ না পেয়ে পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন বলেও দাবি করেছেন রাশেদ খাঁন।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব দাবি করেন তিনি। পোস্টে রাশেদ খাঁন বলেন, সাবেক উপদেষ্টা মাহফুজ আলমও বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে আগ্রহী ছিলেন। এ উদ্দেশ্যে আসিফ মাহমুদ ও মাহফুজ আলম একসঙ্গে বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বাসায় পর্যায়ক্রমে গিয়েছিলেন।

রাশেদ খাঁনের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা বিএনপির প্রতীকে নির্বাচন করুক, তা দলটি চায়নি। বিএনপির কাছ থেকে আগ্রহ না পেয়ে আসিফ মাহমুদ বাধ্য হয়ে এনসিপিতে যোগ দেন। তবে বিএনপিতে সুযোগ না পেয়েও মাহফুজ আলম নৈতিকতা ধরে রেখেছেন বলে মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদের রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তার ভাষ্য, গণঅভ্যুত্থানে সাহসী ভূমিকার কারণে নাহিদ ইসলামের পর এনসিপিতে আসিফ মাহমুদের অবস্থান থাকার কথা ছিল। কিন্তু অতীতের বিতর্ক ও দলটিতে যোগ দেওয়ার বিষয়ে দোদুল্যমান অবস্থানের কারণে তিনি বর্তমানে দলের শীর্ষ ছয় নেতার মধ্যে সর্বশেষ অবস্থানে রয়েছেন বলে দাবি করেন রাশেদ খাঁন।

এনসিপির সঙ্গে বিএনপির আসন সমঝোতা নিয়েও পোস্টে কথা বলেন রাশেদ খাঁন। তিনি দাবি করেন, বেশি আসনে সমঝোতার জন্য এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা সালাহউদ্দিন আহমেদের বাসায় গিয়েছিলেন। তবে বিএনপি এনসিপিকে চারটির বেশি আসন ছাড়তে রাজি হয়নি। পরে বেশি আসন ও নির্বাচনি খরচের প্রত্যাশায় এনসিপি জামায়াতের জোটে গেছে বলে মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন এনসিপির বর্তমান রাজনীতিকে ‘সুবিধাবাদী’ বলে আখ্যা দেন। তার দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে এনসিপির কর্মসূচি বিএনপিকে চাপে রাখার কৌশল হতে পারে। তবে এ কর্মসূচি সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টে সালাহউদ্দিন আহমেদের রাজনৈতিক অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরে রাশেদ খাঁন বলেন, দীর্ঘ সংগ্রাম, মেধা ও যোগ্যতার কারণে তিনি বর্তমান অবস্থানে এসেছেন। বিএনপি ‘বিরিয়ানি ভাগবাটোয়ারার রাজনীতি’ করে না, বরং রাষ্ট্র পুনর্গঠনের রাজনীতি করে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ