লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রাম সীমান্তে ভারত থেকে আসা বাঘের আক্রমণে তিনজন আহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) বিকালে ভারতের অভ্যন্তর থেকে একটি বাঘ বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে তাদের ওপর হামলা চালায়। আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের বাসিন্দা শহিদার রহমানের স্ত্রী শরিফা বেগম (৩০), একই এলাকার মৃত মনির হোসেনের ছেলে আফসার হোসেন (৪০) ও নজরুল ইসলাম।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, রোববার বিকালের দিকে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রাম সীমান্তের ৯০৫ নম্বর প্রধান পিলার লাগোয়া এলাকায় ওই গ্রামের বাসিন্দা শরিফা বেগম ধানখেতে তার ছাগল খুঁজতে যান। এ সময় ছাগলটির কাছে গেলে তিনি বাঘের আক্রমণের শিকার হন। এ দৃশ্য দেখে ওই এলাকার নজরুল ও আফছার ওই নারীকে উদ্ধার করতে গেলে তাদের ওপরও আক্রমণ চালিয়ে ধানখেতে লুকিয়ে পড়ে চিতাবাঘটি। এতে ওই দুই ব্যক্তিও আহত হন।
পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক উপ-মেডিকেল কমিউনিটি কর্মকর্তা মামুন রহমান বলেন, বাঘের আক্রমণে আহত তিনজন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছিলেন। তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বিরুল হক মনা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাঘের আক্রমণে তিনজন আহত হয়েছেন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রংপুর থেকে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে আসছেন বলেও জানান তিনি।
এদিকে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার বিকাল ৪টার দিকে হাতীবান্ধা উপজেলার বনচৌকি বিওপির আওতাধীন আমঝোল সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তর থেকে একটি বাঘ বাংলাদেশে প্রবেশ করে তিনজনকে আহত করে। খবর পেয়ে জেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনাস্থলে ১৫ বিজিবির অধিনায়কসহ বিজিবির টহল দল অবস্থান করছে।
বাঘটি বর্তমানে কোথায় রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনার পর হাজারও মানুষ লাঠিসোটা নিয়ে এলাকাটি ঘিরে রেখেছেন। তবে ওই সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাঘটি বাংলাদেশে ঢুকে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।



