সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
১১ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

এক ঘর থেকে আরেক ঘরে ঢুকে ভুলে যান কেন এসেছিলেন, কারণ কী

এক ঘর থেকে আরেক ঘরে ঢুকে ভুলে যান কেন এসেছিলেন, কারণ কী...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১২:৩৯ এএমসর্বশেষ: ২৬ অক্টোবর ২০২৬, ১২:৩৯ এএম
এক ঘর থেকে আরেক ঘরে ঢুকে ভুলে যান কেন এসেছিলেন, কারণ কী

কখনো কি এমন হয়েছে, ঘরে বসে মনে হলো পাশের ঘর থেকে কিছু একটা আনতে হবে। আপনি উঠে গেলেন। কিন্তু অন্য ঘরে পৌঁছেই ভুলে গেলেন, কী আনতে এসেছিলেন! আবার আগের ঘরে ফিরে এলেন। আশ্চর্যের বিষয়, তখনই মনে পড়ে গেল সব কথা!

এমন ঘটনা অনেকের সঙ্গেই ঘটে। মনোবিজ্ঞানে একে বলা হয় ‘ডোরওয়ে ইফেক্ট’ বা দরজার প্রভাব। আমাদের স্মৃতির কাজ করার পদ্ধতির সঙ্গে এ ঘটনার সম্পর্ক রয়েছে।

যুক্তরাষ্ট্রের নটর ডেম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানীরা ২০০৬ সাল থেকে বিষয়টি নিয়ে গবেষণা করছেন। একটি গবেষণায় তারা ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করেন। এই প্রযুক্তির সাহায্যে স্বেচ্ছাসেবীদের কৃত্রিম পরিবেশে বিভিন্ন ঘরে ঘুরতে দেওয়া হয়। তারা ঘরের নানা জিনিস দেখেন। পরে সেসব জিনিসের কথা মনে করার চেষ্টা করেন।

গবেষকেরা দেখেন, এক ঘর থেকে দরজা পেরিয়ে অন্য ঘরে গেলে আগের ঘরের জিনিসগুলোর কথা মনে করতে কিছুটা অসুবিধা হয়।

আমাদের মস্তিষ্ক নানা ঘটনা আলাদা করে মনে রাখে। যেমন, সকালে ঘুম থেকে ওঠা একটি ঘটনা। নাশতা করা আরেকটি। এরপর স্কুলে যাওয়ার প্রস্তুতি নেওয়া হতে পারে অন্য একটি ঘটনা।

প্রতিটি ঘটনার সঙ্গে জড়িয়ে থাকে নানা তথ্য ও অভিজ্ঞতা। মস্তিষ্ক এসব তথ্য এমনভাবে সাজিয়ে রাখে, যেন একেকটি ঘটনা একেকটি অধ্যায়। ফলে একটি ঘটনা মনে করা সহজ হলেও অন্য ঘটনার কথা মনে করতে কিছুটা সময় লাগতে পারে।

ধরা যাক, বসার ঘরে বসে মনে হলো, শোবার ঘর থেকে একটা বই আনতে হবে। আপনি বই আনার কথা মনে রেখেই উঠে পড়লেন। কিন্তু দরজা পেরিয়ে অন্য ঘরে যাওয়ার পর হঠাৎ কথাটি ভুলে গেলেন।

এর একটি সম্ভাব্য কারণ হলো, ঘর বদলানোর সময় মস্তিষ্ক নতুন পরিবেশের দিকে মনোযোগ দেয়। এই পরিবর্তনকে মস্তিষ্ক নতুন একটি ঘটনার শুরু হিসেবে ধরতে পারে। তখন আগের ঘটনার সঙ্গে জড়িত তথ্য মনে করতে অসুবিধা হয়। ফলে বই আনার কথাটিও সাময়িকভাবে ভুলে যেতে পারেন।

গবেষকেরা এমন পরিবর্তনকে বলেন ‘ইভেন্ট বাউন্ডারি’। সহজ কথায়, একটি ঘটনা শেষ হয়ে অন্য ঘটনা শুরু হওয়ার মাঝের সীমা।

তবে এর মানে এই নয় যে দরজা পেরোলেই মস্তিষ্ক সবকিছু ভুলে যায়। পরিবেশ বদলানোর কারণে আগের কথাটি মনে করতে সাময়িক অসুবিধা হতে পারে মাত্র।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরাও বিষয়টি নিয়ে পরীক্ষা করেছেন। তাদের গবেষণায় কিছু নতুন তথ্য পাওয়া যায়।

তারা দেখেন, দেখতে একই রকম দুটি ঘরের মধ্যে যাতায়াত করলে সাধারণত স্মৃতিতে তেমন প্রভাব পড়ে না। কারণ, ঘর দুটির পরিবেশে বড় কোনো পার্থক্য থাকে না। তাই মস্তিষ্কও হয়তো নতুন ঘটনা শুরু হয়েছে বলে তেমনটা অনুভব করে না।

কিন্তু পরীক্ষার সময় অংশগ্রহণকারীদের অন্য একটি কাজ দিয়ে ব্যস্ত রাখা হলে ফল বদলে যায়। তখন একই রকম দুটি ঘরের মধ্যে দরজা পেরোলেও আগের কথা মনে করতে অসুবিধা হয়।

এ থেকে গবেষকেরা ধারণা করেন, শুধু দরজা পেরোনোর কারণেই এমন ঘটে না। পরিবেশের পরিবর্তন এবং মনোযোগের অভাবও এর পেছনে ভূমিকা রাখতে পারে।

আমাদের দৈনন্দিন জীবনে এমন ঘটনা প্রায়ই ঘটে। ধরুন, আপনি রান্নাঘর থেকে এক গ্লাস পানি আনতে গেলেন। পথে মোবাইলে একটি বার্তা এল। সেটি পড়তে পড়তে রান্নাঘরে পৌঁছে গেলেন। তারপর আর মনে করতে পারলেন না, কেন সেখানে এসেছেন।

এখানে ঘর বদলানোর পাশাপাশি আপনার মনোযোগও অন্যদিকে চলে গেছে। ফলে পানি আনার কথাটি সাময়িকভাবে মনে নাও থাকতে পারে।

একইভাবে, কোনো সমস্যা নিয়ে ভাবতে ভাবতে অন্য ঘরে গেলে কিংবা একসঙ্গে অনেক কাজের কথা মনে রাখার চেষ্টা করলেও এমন হতে পারে।

অর্থাৎ, দরজা পেরোনো, পরিবেশের পরিবর্তন আর মনোযোগের অভাব সব মিলিয়েই কখনো কখনো এমন অভিজ্ঞতা হতে পারে। তবে সবার ক্ষেত্রে এর প্রভাব এক রকম নয় বলে মনে করনে মনোবিজ্ঞানীরা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ