বন্ধুদের সঙ্গে সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এনায়েতপুর স্পার বাঁধের দক্ষিণ এলাকা থেকে তার লাশটি পাওয়া যায়; নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর এ উদ্ধার অভিযান শেষ হয়।
শিক্ষার্থী জিসান আহমেদ (২৩) গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া মহল্লার আকবার আলীর একমাত্র ছেলে।
এনায়েতপুর থানার ওসি জাহিদ হাসান জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের সদস্যরা এসেছেন লাশ নেওয়ার জন্য।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত রোববার ঢাকা থেকে চার বন্ধু মিলে এনায়েতপুর গোলামের হোটেলে খাবার খেতে আসেন। এ সময় যমুনা নদীতে গোসলে নেমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিসান পানিতে তলিয়ে যান। বন্ধুরা ও স্থানীয় জেলেরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
পরে এনায়েতপুর থানা পুলিশ, বেলকুচি ফায়ারসার্ভিস দিনভর চেষ্টার পর সোমবার সকালে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের চেষ্টায় জিসানের লাশ উদ্ধার করা হয়।
মৃতের চাচা জাহিদ আহম্মেদ শিমুল জানান, খবর পেয়ে আমরা চলে এসেছি লাশ নেওয়া জন্য।



