গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসা চুমু ও থাপ্পরকাণ্ডে ঘটনায় দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কারী জুবায়ের আহমাদ তাশরীফ।
রোববার (২৫ অক্টোবর) দেওয়া ওই ভিডিও বার্তায় তিনি বলেন, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। দোষ প্রমাণ হলে, ঘটনায় জড়িত ওই মাদ্রাসা শিক্ষককে শাস্তি দেওয়া হোক।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেওয়া বক্তব্য ছড়িয়ে পড়লে গত দুই দিন ধরে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। নেটিজেনদের সমালোচনার মুখে নিজের অবস্থান পরিষ্কার করতে নতুন করে ভিডিও বার্তা দেন তিনি।
আগের বক্তব্যে কিছু কঠোর কথা বলা হয়েছিল উল্লেখ করে তাশরীফ দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, আমার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যারা দেশ ও ইসলামের পক্ষে আছেন, তাদের সঙ্গে থাকব।
এদিকে, গত রোববার (২৫ অক্টোবর) দুপুরে গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্ত শিক্ষকের জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন।



