কুমিল্লায় ডিবি পুলিশের হাতে রাসেল হোসাইন (৩০) নামে এক ভুয়া সিআইডি অফিসার আটক হয়েছেন। তিনি এআই দিয়ে সিআইডির ভুয়া কার্ড তৈরি করেছিলেন বলে জানা গেছে।
সোমবার কুমিল্লা ট্রাফিক পুলিশ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া বিভাগের মুখপাত্র মো. লুৎফর রহমান।
আটক রাসেল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মরিচ্যা গ্রামের ভূঁইয়া বাড়ির আবু বকর সিদ্দিকের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, গত ২৩ অক্টোবর কান্দিরপাড় এলাকায় ট্রাফিক পুলিশের সদস্যরা এক মোটরসাইকেল চালককে থামার সংকেত দেন। এ সময় ওই ব্যক্তি নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে নাম রাসেল বলে জানান। তবে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও পরিচয়ের উপযুক্ত প্রমাণ না থাকায় নিয়ম অনুযায়ী সেটি ডাম্পিংয়ে পাঠান ট্রাফিক পুলিশের সদস্যরা।
পরে ২৫ অক্টোবর মোটরসাইকেলটি ছাড়িয়ে নিতে ট্রাফিক পুলিশ কার্যালয়ে গিয়ে আবারও নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দেন রাসেল। তার পরিচয় নিয়ে সন্দেহ হলে ট্রাফিক পুলিশ বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) জানায়। পরে ডিবির একটি দল এসে যাচাই-বাছাই করে তার পরিচয় ভুয়া বলে নিশ্চিত হয়।
এ সময় তার মোবাইল ফোন তল্লাশি করে সিআইডির লোগোসংবলিত একটি ভুয়া পরিচয়পত্রের ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি সিআইডি লেখা কটি পরা একটি ছবির সন্ধান পাওয়া যায়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার কথা স্বীকার করেছেন। এ ধরনের ভুয়া পরিচয়ধারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।



