মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর বিবেচনা করবেন: তথ্য উপদেষ্টা

আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর বিবেচনা করবেন: তথ্য উপদেষ্টা...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ৩:৩৯ পিএমসর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ৩:৩৯ পিএম
আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর বিবেচনা করবেন: তথ্য উপদেষ্টা

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী জাপান সফর শেষে দেশে ফেরার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে, আইজিপি মো. আলী হোসেন ফকির ইতোমধ্যে তার বক্তব্য থেকে সরে এসেছেন বলে জানান উপদেষ্টা জাহেদ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১২টার দিকে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গতকাল (২৬ অক্টোবর) প্রকাশিত বিভিন্ন সংবাদ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর সন্ধ্যায় এক বিবৃতিতে জানায়, পুলিশ প্রধান ‘ক্রসফায়ার’ শব্দটি দিয়ে বহির্বিচারবহির্ভূত হত্যা বা বিচারিক প্রক্রিয়ার বাইরে কোনো শাস্তিকে বোঝাননি।

এর পরপরই, পুলিশ সদর দপ্তর তাদের দ্বিতীয় এক বিবৃতিতে ব্যাখ্যাটি সংশোধন করে জানায়, বহির্বিচারবহির্ভূত হত্যা বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তিকে না বুঝিয়ে, জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টকারী মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বাহিনীর অঙ্গীকার ব্যক্ত করতেই তিনি শব্দটি রূপক অর্থে ব্যবহার করেছিলেন।

উপদেষ্টা বলেন, আইজিপি আসলে তার বক্তব্যে যেটা বোঝাতে চেয়েছেন, সে বিষয়টি মিস কমিউনিকেশন হয়েছে। তিনি এটা ওন করেন না। তিনি বিষয়টার ক্ল্যারিফিকেশন দিয়েছেন।

এসময় ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আইজিপির ব্যাপারে যদি অন্য সিদ্ধান্ত নিতে হয় তাহলে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর বিবেচনা করবেন।

দিনের শুরুর দিকে ঢাকায় একটি ব্যাংকের শাখা উদ্বোধনে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, ‘প্রয়োজনে সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতে পুলিশ দ্বিধা করবে না।

গণমাধ্যমে আসার পর তার এই মন্তব্য ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। দেশি-বিদেশি মানবাধিকার সংস্থাগুলো এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন নিয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা জাহেদ বলেন, 'তার জানাজা ও দাফন ঘিরে একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড দুঃখজনক। একজনের মরদেহের সঙ্গে এমন আচরণ কারও পছন্দ হয়নি।'

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলে গতকাল রংপুরে এক যুবকের বাড়িতে ভাঙচুরের ঘটনা নিয়েও উপদেষ্টা কথা বলেন। তিনি বলেন, দেশে চরমপন্থীরা গায়ের জোর দেখাচ্ছে। তবে এ ঘটনায় ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে এই ধরনের অপরাধে জড়িয়ে পড়লে যে কারও বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সম্মেলনে অংশগ্রহণ নিয়ে জাহেদ বলেন, 'ভারত থেকে তার এভাবে অনলাইনে ভাষণ দেওয়ার বিষয়টিতে বাংলাদেশ অসন্তুষ্ট। তার ব্যাপারে সরকারের অবস্থান অপরিবর্তিত।'

বিরোধী দলকে সংবিধান সংস্কার কমিটিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই জাতীয় সনদের যে বিষয়গুলোতে ভিন্নমত বা আপত্তি রেকর্ড করা হয়েছিল, সরকার সেগুলোর ওপরও কাজ করবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ