গীতিকার, চিত্রনাট্যকার জাভেদ আখতার ও অভিনেত্রী রাশমিকা মান্দানা।
'কফি উইথ করণ'-এ নিজের উচ্চারণ নিয়ে ট্রলিংয়ের অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে নেটিজেদের মাঝে শেয়ার করে নেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। এবার অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে সমালোচকদের কড়া জবাব দেন প্রখ্যাত কবি, গীতিকার, চিত্রনাট্যকার জাভেদ আখতার।
কিন্তু রাশমিকাকে সমর্থন করতে গিয়েই ভুল তথ্য লিখে ফেলেন এ বর্ষীয়ান গীতিকার। ভাষা কিংবা উচ্চারণের জন্য বারবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। ক্যারিয়ারের শুরু থেকেই এ অভিজ্ঞতা তার নিত্যসঙ্গী।
সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো 'কফি উইথ করণ'-এ হাজির হয়ে সেই অভিজ্ঞতার কথাই তুলে ধরেন অভিনেত্রী। তবে অভিনেত্রীকে সমর্থন করতে গিয়ে নিজেই একটি ভুল করে বসেন এ চিত্রনাট্যকার। সামাজিক মাধ্যমে নেটিজেনরা সেই ভুল ধরিয়ে দিতেই তা স্বীকারও করে নেন জাভেদ আখতার।
রাশমিকা মান্দানার সমালোচকদের উদ্দেশে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন জাভেদ আখতার। সেখানে এ গীতিকার বলেন, রাশমিকা মান্দানার উচ্চারণ নিয়ে যারা বিদ্রুপ করেন, রাশমিকার উচ্চারণ নিয়ে এত সমস্যা, তাদের তামিল ভাষায় কয়েকটি বাক্য বলতে দেওয়া উচিত। তামিল পৃথিবীর অন্যতম প্রাচীন কথ্য ভাষা। দেখা যাক, তারা নিজেরা কতটা নিখুঁতভাবে সেই ভাষায় কথা বলতে পারেন!
এখানেই থামেননি বর্ষীয়ান গীতিকার। তিনি বলেন, নিজের ভাষাকে অন্যের ভাষার চেয়ে শ্রেষ্ঠ মনে করার যে ভিত্তিহীন মানসিকতা, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
জাভেদের বক্তব্যের সঙ্গে অনেকেই সহমত হলেও তার পোস্টে একটি তথ্যগত ভুল চোখে পড়ে নেটিজেনদের মাঝে। রাশমিকাকে তামিল অভিনেত্রী বলে উল্লেখ করেছিলেন তিনি। সেই ভুল সংশোধন করে এক সামাজিক মাধ্যম ব্যবহারকারী লেখেন— 'স্যার, তিনি কুর্গের মেয়ে এবং তেলুগু পরিবারের বউ। তবে আপনি যেভাবে তার পাশে দাঁড়িয়েছেন, তার প্রশংসা করতেই হয়।'
ভুলটি নজরে আসতেই তা স্বীকার করে নেন জাভেদ আখতার। নিজের বক্তব্য সংশোধন করার কথাও জানান এ গীতিকার। তবে তথ্যগত ভুল থাকলেও জাভেদের মূল বক্তব্যকে সমর্থন করেছেন বহু সামাজিক মাধ্যমের নেটিজেনরা।
এক নেটিজেন লিখেছেন— দক্ষিণী সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের হিন্দি উচ্চারণ নিয়ে বিচার করা একেবারেই উচিত নয়। আরেক নেটিজেন লিখেছেন— প্রত্যেক অঞ্চলের মানুষের কথা বলার নিজস্ব ধরন রয়েছে। সেই পার্থক্য নিয়ে কাউকে অপমান করা ঠিক নয়।
উল্লেখ্য, স্বামী বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে 'কফি উইথ করণ'-এর কাউচে হাজির হয়েছিলেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। সেখানেই নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা শেয়ার করে নেন অভিনেত্রী।
রাশমিকা বলেন, অভিনয়জীবনের শুরু থেকেই কোনো না কোনো কারণে তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। কখনো অভিনয়, কখনো ভাষা, আবার কখনো তার উচ্চারণ নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু এসব নেতিবাচক মন্তব্যের জন্য নিজের স্বপ্নকে সীমাবদ্ধ রাখতে চাননি তিনি।
অভিনেত্রী বলেন, তিনি কোনো একটি ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে নিজেকে আটকে রাখতে চাননি। বিভিন্ন ভাষার ছবিতে অভিনয় করার পাশাপাশি নানা ভাষায় কথা বলার ইচ্ছাও রয়েছে তার। তাই সমালোচনার ভয়ে নিজের পথ বদলানোর প্রশ্নই ওঠে না বলে জানান রাশমিকা মান্দানা।
শুধু রাশমিকার উচ্চারণ বিতর্ক নয়, এই পর্বে বিজয় দেবেরাকোন্ডার একটি মন্তব্যও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। অনুষ্ঠানে নিজেদের প্রেমের গল্প বলতে গিয়ে বিজয় জানান, রাশমিকা মান্দানা প্রথমবার বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হননি। বরং অভিনেত্রীকে বলেছিলেন— তাকে অন্তত ১০০ বার বিয়ের প্রস্তাব দিতে হবে!
এরপর রাশমিকা বলেন, প্রায় এক বছর ধরে প্রতিদিনই বিজয়কে বিয়ের কথা জিজ্ঞাসা করেছিলেন তিনি। এমন মন্তব্য সামনে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয় বিতর্ক। বিজয়ের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন একাংশের নেটিজেন। কেউ কেউ তাকে 'রেড ফ্ল্যাগ' বলেও কটাক্ষ করেন। একদিকে রাশমিকার উচ্চারণ নিয়ে বিতর্ক, অন্যদিকে বিজয়ের প্রেমের গল্প— সব মিলিয়ে 'কফি উইথ করণ'-এর এ পর্ব ঘিরে চর্চা তুঙ্গে।



