মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

সিনেমা থেকে দূরে থাকা জনপ্রিয় নায়িকা অসিন এখন কেমন আছেন

সিনেমা থেকে দূরে থাকা জনপ্রিয় নায়িকা অসিন এখন কেমন আছেন...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ৯:০৬ পিএমসর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ৯:০৬ পিএম
সিনেমা থেকে দূরে থাকা জনপ্রিয় নায়িকা অসিন এখন কেমন আছেন

২০১৬ সালে মাইক্রোম্যাক্সের সহ-প্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে বিয়ে করে মাত্র ৩০ বছর বয়সে অভিনয় জগৎ থেকে বিদায় নেন বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অসিন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে লাইমলাইট ও গ্ল্যামার জগৎ থেকে দূরে থাকা এ অভিনেত্রীর বর্তমান জীবন মূলত তার পরিবার ও কন্যাসন্তান আরিনকে কেন্দ্র করে কাটছে। সেই থেকে তিনি মিডিয়া থেকে দূরে আছেন এবং সম্পূর্ণ ব্যক্তিগত ও বিলাসবহুল একটি জীবন উপভোগ করছেন।

রাহুল শর্মাকে বিয়ের পর পুরোদমে সংসার ও পারিবারিক জীবনে মনোনিবেশ করছেন অভিনেত্রী। সম্প্রতি মাইগভ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে স্ত্রীর অবদান ও সাত বছর বয়সি মেয়ের মুনশিয়ানা নিয়ে খোলামেলা কথা বলেছেন মাইক্রোম্যাক্সের সহপ্রতিষ্ঠাতা ব্যবসায়ী রাহুল শর্মা।

নিজের জীবনে অসিনের প্রভাব তুলে ধরে রাহুল শর্মা বলেন, অসিনকে বিয়ে করা তার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা দারুণভাবে কাজে দিয়েছে। অসিন রাহুলের সবচেয়ে বড় শক্তি বলে জানান তিনি।

তিনি বলেন, যখনই কিছু ঘটে, যা-ই হোক না কেন, ও বলে— চিন্তা করো না… তুমি শুধু এগিয়ে যাও। ও আমাকে এবং আমার কাজের প্রতি ভালোবাসাকে বোঝে। অসিন আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে। পাশে এমন মানুষ থাকলে জীবন অনেক সহজ হয়ে যায়।

এ দম্পতির একমাত্র কন্যাসন্তান অরিন রায়ন শর্মার বয়স এখন সাত বছর। প্রযুক্তির সংস্পর্শ থেকে মেয়েকে দূরে রেখেছেন এ দম্পতি। মেয়ের প্রতিভায় মুগ্ধ বাবা বলেন, আমাদের সুন্দর একটি মেয়ে আছে, যার বয়স মাত্র সাত বছর। অথচ কোরিয়ান, জাপানি, থাই ও চাইনিজসহ প্রায় ১২টি ভাষা বুঝতে পারে এবং বলতে পারে।

তিনি বলেন, আমি নিজেই দুটো ভাষায় কথা বলতে হিমশিম খাই। আমরা ইংরেজি আর হিন্দিতেই আটকে আছি। বাইরের জগতের লড়াইয়ের পাশাপাশি ঘরের ভেতরের দিকটি অসিন কীভাবে সামলান, সে কথাও জানান রাহুল শর্মা। এ ব্যবসায়ী বলেন, বাড়ির ভেতরের ব্যবস্থাপনা পুরোপুরি সামলান অসিন। এমন মানুষ তিনি এর আগে কখনো দেখেননি।

রাহুল শর্মা জানান, এখন পর্যন্ত মেয়েকে কোনো ধরনের স্ক্রিন বা ডিভাইস দেওয়া হয়নি। বাড়িতে কোনো টেলিভিশন বা মোবাইল ফোন নেই। তাদের বাড়িতে প্রচুর বই রয়েছে। অরিনের স্কুলে যত বই আছে, সম্ভবত তাদের বাড়িতে তার চেয়েও বেশি বই আছে। তিনি বলেন, দ্বিতীয় শ্রেণিতে পড়লেও মেয়ের জন্য এরই মধ্যে অষ্টম ও নবম শ্রেণির বই কিনে রাখা হয়েছে। মেয়েকে দশম শ্রেণির বোর্ড পরীক্ষাও দিয়ে দিতে বলা যায়, তাতে তেমন কোনো পার্থক্য হবে না। মেয়ের এই লালন-পালনের পেছনে অসিনের ভূমিকাই সবচেয়ে বেশি বলে জানান রাহুল শর্মা।

এ ব্যবসায়ী আরও জানান, জীবনসঙ্গী এমন হওয়া উচিত, যিনি সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন, পেছনে টেনে ধরবেন না। তিনি বলেন, বন্ধুত্বের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। অসিন তার জীবনে ঠিক তেমনই একজন মানুষ, যিনি তাকে সবসময় এগিয়ে যেতে সহায়তা করেন। জীবনে তার অবদান কতটা, তা মুখে প্রকাশ করা কঠিন বলে মন্তব্য করেন রাহুল শর্মা।

উল্লেখ্য, কেরালায় জন্ম নেওয়া অসিন বিজ্ঞাপনের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ২০০১ সালে মালায়ালাম সিনেমা ‘নরেন্দ্র মাকান জয়কান্তন ভাকা’ দিয়ে অভিনয়ে নাম লেখান। ২০০৩ সালে তেলুগু ছবি ‘আম্মা নান্না ও তামিলা আম্মায়ি’তে অভিনয় করে পরিচিতি পান। পরে তামিল ‘গজনি’ সিনেমার সুবাদে সুযোগ পান বলিউডে। ২০০৮ সালে আমির খানের বিপরীতে ‘গজনি’ সিনেমার মাধ্যমেই বলিউডে তার অভিষেক হয়, যা ভারতীয় বক্স অফিসে প্রথম ১০০ কোটি রুপি আয় করার গৌরব অর্জন করে। এরপর সালমানের সঙ্গে ‘লন্ডন ড্রিমস’ ও ‘রেডি’, অক্ষয়ের সঙ্গে ‘হাউজফুল টু’ ও ‘খিলাড়ি ৭৮৬’ এবং অজয় দেবগনের সঙ্গে ‘বোল বচ্চন’ সিনেমায় অভিনয় করে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান। ২০১৫ সালে অভিষেক বচ্চনের বিপরীতে ‘অল ইজ ওয়েল’ সিনেমায় শেষবারের মতো পর্দায় দেখা যায় অসীনকে। এর পরের বছরই বিয়ের পিঁড়িতে বসেন এবং ২০১৭ সালে কন্যাসন্তানের মা হন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ