ময়মনসিংহের নান্দাইলে মাদকাসক্ত ভাইয়ের স্থায়ী শাস্তির আশায় পুলিশের উপপরিদর্শককে (এসআই) ঘুস দেন এক ব্যক্তি। তবে আসামির জামিন হওয়ায় টাকা ফেরত দেন এসআই।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মৃত কলম উদ্দিনের পুত্র কবির মিয়া (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পরিবার ও সমাজে নানা অশান্তি সৃষ্টি করে আসছিল। গত ২৩ অক্টোবর সে নেশাগ্রস্ত হয়ে বাড়ির নারীদের শ্লীলতাহানি ও খুনের উপক্রম করলে স্বজনরা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে নান্দাইল থানার এসআই মিজান ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসেন।
কবিরের চাচাতো ভাই নূর মোহাম্মদ আমিন তাকে অন্তত দুই-তিন মাস আটকে রাখার অনুরোধ জানিয়ে শক্ত মামলায় আদালতে পাঠানোর অনুরোধ করেন। এ সময় এসআই মিজান ১০ হাজার টাকা দাবি করলে আমিন ৬ হাজার টাকা দেন। কিন্তু পরদিন ২৪ অক্টোবর পুলিশ তাকে ১৫১ ধারায় আদালতে পাঠালে আদালত থেকে সেদিনই জামিন পেয়ে বাড়ি ফিরে আসে কবির।
টাকা দিয়েও কাজ না হওয়ায় আমিন বিষয়টি আত্মীয়স্বজন ও ফেসবুকে প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে চাপে পড়ে এসআই মিজান আমিনের এক আত্মীয়ের মাধ্যমে ঘুসের ওই ৬ হাজার টাকা ফেরত দেন। আমিন এখন নিজের জীবনের নিরাপত্তা নিয়ে চরম আতঙ্কে রয়েছেন।
এদিকে অভিযুক্ত এসআই মিজানুর রহমান ঘুস গ্রহণের অভিযোগ অস্বীকার করে জানান, মাদকদ্রব্যসহ হাতেনাতে গ্রেফতার না হওয়ায় তাকে নিয়ম অনুযায়ী ১৫১ ধারায় চালান দেওয়া হয়েছিল এবং আদালত তাকে জামিন দিয়েছেন।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আজহারুল ইসলাম জানান, বিষয়টি শুনেছেন এবং খতিয়ে দেখছেন।



