বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
১৪ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

‘অজ্ঞতার কারণে ভুল হয়েছে’— শ্যালিকাকে তালাক দেওয়ার ঘোষণা সেই যুবকের

‘অজ্ঞতার কারণে ভুল হয়েছে’— শ্যালিকাকে তালাক দেওয়ার ঘোষণা সেই যুবকের...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১:৩৯ পিএমসর্বশেষ: ২৮ অক্টোবর ২০২৬, ১:৩৯ পিএম
‘অজ্ঞতার কারণে ভুল হয়েছে’— শ্যালিকাকে তালাক দেওয়ার ঘোষণা সেই যুবকের

স্ত্রী থাকার পরও শ্যালিকাকে বিয়ে করার ঘটনায় দেশব্যাপী সমালোচিত হয়েছেন নওগাঁর মহাদেবপুরের টিকটকার মাসুদ রানা (৩৫)। এ ঘটনায় ফেসবুক লাইভে এসে জাতির কাছে ক্ষমা চেয়েছেন তিনি। একই সঙ্গে পরিস্থিতি সামাল দিতে ওই শ্যালিকাকে তালাক দেওয়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে ফেসবুকে লাইভে এসে নিজের ভুল স্বীকার করেন রানা। লাইভে তাকে হাত জোড় করে সবার কাছে ক্ষমা চাইতে দেখা যায়।

মাসুদ রানা নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। তিনি টিকটক ও এক আইনজীবীর সহকারী হিসেবে কাজ করেন।

জেলার বদলগাছী উপজেলা সদরে একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন রানা। রোববার সন্ধ্যায় শ্যালিকাকে (২১) বিয়ে করেন তিনি। বিষয়টি জানাজানির পর সোমবার রাতে ওই যুবক ও তার দুই স্ত্রীর মুখে চুনকালি মাখিয়ে এবং গলায় জুতার মালা পরিয়ে গ্রামছাড়া করার ঘটনা ঘটে। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুক লাইভে রানা বলেন, আমার সবচেয়ে বড় ভুল ছিল প্রথম স্ত্রীকে বহাল রেখেই আপন শ্যালিকাকে বিয়ে করা। প্রথম স্ত্রীকে তালাক দিয়ে শ্যালিকাকে বিয়ে করলে হয়ত এ নিয়ে আইনি বা সামাজিক প্রশ্ন উঠত না, তা আমার জানা ছিল না। অজ্ঞতার কারণে এমন ভুল হয়েছে আমার। যদি বুঝতাম এমন সম্পর্ক সমাজের চোখে অপরাধ এবং ইসলামের দৃষ্টিতে হারাম, তবে আমরা কখনোই এ ধরনের ঘটনা ফেসবুকে প্রকাশ করতাম না। বুঝে-শুনে কেউ আগুনে হাত দেয় না।

তিনি বলেন, সমাজ ও পরিস্থিতি যেভাবে চাইবে, আমি এখন সেভাবেই জীবন পরিচালনা করব। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের নিয়ে ছবি ও ভিডিও প্রচার বন্ধ করার অনুরোধ রইল। যাকে বিয়ে করেছি, সেই শ্যালিকাকে আমি তালাক দেব।

স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁর বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের বৈরাগীপাড়ায় প্রথম স্ত্রীকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন রানা। ২৪ অক্টোবর ওই বাসায় তাদের গায়ে হলুদের অনুষ্ঠান হয়। পরদিন ২৫ অক্টোবর প্রথম স্ত্রীর আপন ছোট বোনকে বিয়ে করেন তিনি।

বিয়ের পর এ ঘটনার পক্ষে সাফাই গেয়ে রানা দাবি করেন, প্রথম স্ত্রীর সম্মতি ও সহযোগিতাতেই তিনি এ বিয়ে করেছেন। তার ভাষ্য অনুযায়ী, শ্যালিকার অন্যত্র বিয়ে হলে তাদের আগে ধারণ করা কিছু টিকটক ভিডিও নিয়ে তাকে হয়রানির শিকার হতে হতো- এমন আশঙ্কা থেকে তিনি এ সিদ্ধান্ত নেন।

বিয়ের পর স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ধর্মে ‘একসঙ্গে দুই বোনকে বিয়ে করার বিধান নেই’- উল্লেখ করে বদলগাছীতে তারা যে বাসায় ভাড়ায় থাকতেন, সেই বাসা ছেড়ে দিতে বলা হয়।

এ ঘটনার জেরে সোমবার (২৬ অক্টোবর) রাতে মহাদেবপুর উপজেলার মাতাজি বিরামগ্রাম এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। প্রথম স্ত্রীর উপস্থিতিতে শ্যালিকাকে বিয়ে করার প্রতিবাদে স্থানীয় ক্ষুব্ধ জনতা ওই যুবক ও তার দুই স্ত্রীর মুখে চুনকালি মাখিয়ে এবং গলায় জুতার মালা পরিয়ে গ্রামছাড়া করে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ