ভারতের কাছে হার নতুন নয়। এক মাসের ব্যবধানে দুই ম্যাচে ২৩ গোল হজম! বাংলাদেশের হকির প্রস্তুতি, কৌশল ও লড়াইয়ের মানসিকতা নিয়ে তাই প্রশ্ন উঠছেই। জলন্ধরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক ভারতের কাছে ১৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ।
গত মাসে জাপানে এশিয়ান গেমসেও ভারতের কাছে ১০-০ গোলে হেরেছিল তারা।
প্রথম কোয়ার্টারেই চার গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে আরও দু’টি গোল করে বিরতিতে ৬-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। তৃতীয় কোয়ার্টারে তিন এবং শেষ কোয়ার্টারে আরও চার গোল করে ব্যবধান বাড়ায় স্বাগতিকেরা।
সাবেক হকি খেলোয়াড় ও ফেডারেশনের সাবেক সদস্য তারেক আদেল দলের পারফরম্যান্সে হতাশ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমরা কবে বলতে শিখব যে, আমরাও বাংলাদেশ, ছেড়ে কথা বলব না।’ তার অভিযোগ, পরিস্থিতি বদলাতে ফেডারেশনের উদ্যোগ চোখে পড়ছে না।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এশিয়ার ছ’টি দেশ খেলছে। পাকিস্তান ভারতে খেলতে না যাওয়ায় সুযোগ পেয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে সপ্তম হওয়া দলটির লক্ষ্য ছিল ষষ্ঠ স্থান। সেই লক্ষ্যে ব্যর্থ জার্মান কোচ গেরহার্ড পিটারের উপরই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আস্থা রেখেছে ফেডারেশন।



