হলিউড অভিনেত্রী আনা দে আরমাসের ব্যক্তিগত জীবন নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। সম্প্রতি প্যারিস ভ্রমণের বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ৩৮ বছর বয়সি এই অভিনেত্রী। সেলফি, আয়নার সামনে তোলা ছবি, শরীরচর্চার মুহূর্ত থেকে শুরু করে খাবারের ছবিও রয়েছে সেই অ্যালবামে।
তবে শেষ ছবিটি ঘিরেই তৈরি হয়েছে সবচেয়ে বেশি কৌতূহল। সেখানে জমকালো নৈশভোজের টেবিলে পাশাপাশি রাখা দুটি কার্ডে দেখা যায় আনা ও বেতো মন্টেনেগ্রোর নাম। ছবিটির মাধ্যমে ভেনেজুয়েলার সংগীতশিল্পী বেতোর সঙ্গে নিজের প্রেমের সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন বলে ধারণা করছেন অনেকে।
আনা ও বেতোর ঘনিষ্ঠতার খবর প্রথম সামনে আসে গত জুলাইয়ে, যখন তাদের একসঙ্গে দেখা যায়। এরপর আগস্টে স্পেনের ফোরমেন্তেরা দ্বীপে ছুটি কাটানোর সময় দুজনকে হাত ধরে হাঁটতে ও চুম্বন করতে দেখা যায়। সূর্যাস্তের সময় নৌকায় তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও প্রকাশ্যে আসে।
সম্প্রতি ৬ অক্টোবর প্যারিস ফ্যাশন উইকে লুই ভুইতোর ফ্যাশন শোতে একসঙ্গে উপস্থিত হন তারা। পরে একটি জমকালো পার্টিতেও অংশ নেন এই জুটি। তাদের ধারাবাহিক উপস্থিতি সম্পর্কের গুঞ্জনকে আরও জোরালো করেছে।
বেতো মন্টেনেগ্রো ভেনেজুয়েলার জনপ্রিয় ব্যান্ড রাওয়ায়ানার প্রধান গায়ক ও গিটারবাদক। ২০০৭ সালে যাত্রা শুরু করা ব্যান্ডটি লাতিন সংগীতাঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করেছে। বর্তমানে আন্তর্জাতিক সফরে ব্যস্ত দলটি সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতেও সংগীত পরিবেশন করেছে।
আনা দে আরমাসের নতুন সম্পর্কের গুঞ্জন সামনে এসেছে হলিউড তারকা টম ক্রুজের সঙ্গে তার বিচ্ছেদের প্রায় এক বছর পর। ২০২৫ সালের অক্টোবরে বিভিন্ন সংবাদমাধ্যমে তাদের সম্পর্কের ইতি টানার খবর প্রকাশিত হয়েছিল।
এরপর এবার বেতো মন্টেনেগ্রোর সঙ্গে আনার ঘনিষ্ঠতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিগুলো সম্পর্কের ইঙ্গিত দিলেও, এ বিষয়ে দুজনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে কি না, তা নিশ্চিত নয়।



