‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনের কঠোর প্রয়োগের কথা বলতে গিয়ে অসতর্কতাবশত তার শব্দচয়ন এমন হয়ে থাকতে পারে। আইজিপি ক্রসফায়ার করার নির্দেশনা সরকারের কাছ থেকে পেয়েছেন বা নিজে তা করতে চান, এমন কথা বলেননি। তারপরও এ ধরনের শব্দ ব্যবহার করা ঠিক হয়নি।
আজ বুধবার বিকেলে সংবিধান সংশোধন কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আট মাসের মেয়াদে কোনো ক্রসফায়ার, বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে মৃত্যু বা গুমের ঘটনা ঘটেনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, একটি অভিযোগ আছে। ওই অভিযোগের বিষয়ে সরকার তদন্ত করেছে এবং অনেক মানবাধিকার সংস্থাকে স্বাধীনভাবে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আহ্বান জানিয়েছে। তদন্তে সরকারের সংশ্লিষ্টতা আছে কি না, তা প্রকাশ্যে যাচাই করার সুযোগ দেওয়া হয়েছে।
‘সরকারও তদন্ত করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এ বিষয়ে প্রশ্ন তুললে তাদেরও তদন্ত করার আহ্বান জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ ওই অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ দেয়নি’, বলেন তিনি।
তিনি আরও বলেন, সরকারের মেয়াদের আট মাস একটি সরকারের ভূমিকা বিশ্লেষণ ও মূল্যায়নের জন্য যথেষ্ট সময়। সরকারের মেয়াদের প্রায় এক-ষষ্ঠাংশ ইতোমধ্যে পার হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংসদে পাস হওয়া আইনে গুমের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে। এ ক্ষেত্রে দুটি ব্যবস্থা রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী, দায়ী ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা বিক্রি করে ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে। তা সম্ভব না হলে রাষ্ট্র ক্ষতিপূরণ দেবে।



