অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
লিভারপুলের মাঝমাঠে পরিবর্তনের পরিকল্পনার মধ্যে অনিশ্চয়তায় পড়েছে আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের ভবিষ্যৎ। আগামী গ্রীষ্মের দলবদলে নতুন করে দল সাজাতে চায় ইংলিশ ক্লাবটি। তবে সেই পরিকল্পনায় ম্যাক অ্যালিস্টারকে রাখা হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। আপাতত এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তি নবায়নের কোনো উদ্যোগ নিচ্ছে না ক্লাবটি।
স্কাই স্পোর্টসের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২৮ সালের জুন পর্যন্ত লিভারপুলের সঙ্গে চুক্তি রয়েছে ম্যাক অ্যালিস্টারের। কিন্তু নতুন চুক্তি নিয়ে এখনো কোনো আলোচনা শুরু করেনি ক্লাব কর্তৃপক্ষ। ফলে ২০২৭ সালের গ্রীষ্মকালীন দলবদলকে সামনে রেখে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।
লিভারপুলের মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ২৭ বছর বয়সি এই আর্জেন্টাইন। চলতি মৌসুমেও নিজের ছন্দ ফিরে পেয়েছেন তিনি। কোচ আন্দোনি ইরাওলার অধীনেও দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচিত হচ্ছেন ম্যাক অ্যালিস্টার। মাঝমাঠের একাধিক পজিশনে খেলার দক্ষতা, নিখুঁত পাসিং এবং খেলার গতিপ্রকৃতি বোঝার ক্ষমতা তাকে দলের অন্যতম কার্যকর খেলোয়াড়ে পরিণত করেছে।
তবে চুক্তি নবায়ন নিয়ে লিভারপুলের নীরবতায় উদ্বিগ্ন ম্যাক অ্যালিস্টারের প্রতিনিধিরা। এরই মধ্যে স্পেন ও ইতালির কয়েকটি ক্লাবে সম্ভাব্য সুযোগের বিষয়টি খতিয়ে দেখছেন তারা। যদিও সবকিছুর পরও লিভারপুলে থেকে যাওয়াই এই আর্জেন্টাইন মিডফিল্ডারের প্রথম পছন্দ।
গত সেপ্টেম্বরে ম্যাক অ্যালিস্টারের বাবা ও এজেন্ট কার্লোস জানিয়েছিলেন, চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে লিভারপুলের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। তবে তার ছেলে বর্তমান চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং ক্লাবের হয়েই খেলে যেতে আগ্রহী বলেও জানিয়েছিলেন তিনি।
নিজেও নতুন চুক্তি না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন ম্যাক অ্যালিস্টার। বিষয়টি তাকে ‘খুবই ব্যথিত’ করেছে বলে জানিয়েছিলেন এই আর্জেন্টাইন তারকা। তবে চুক্তি নিয়ে অনিশ্চয়তা থাকলেও লিভারপুলের হয়ে নিজের সর্বোচ্চটা দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এদিকে ম্যাক অ্যালিস্টারের পরিস্থিতির ওপর নজর রাখছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদও। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাবটির কোচ জোসে মরিনিয়োরও পছন্দের খেলোয়াড় এই আর্জেন্টাইন মিডফিল্ডার। ফলে লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে অচলাবস্থা চলতে থাকলে তাকে ঘিরে দলবদলের আলোচনা আরও জোরালো হতে পারে।
২০২৭ সালের গ্রীষ্মে ম্যাক অ্যালিস্টারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে তখনো এক বছর বাকি থাকবে। সে সময় লিভারপুলকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে—তার সঙ্গে চুক্তি নবায়ন করবে, নাকি উপযুক্ত প্রস্তাব পেলে বিক্রি করে দেবে। সিদ্ধান্ত নিতে দেরি হলে পরবর্তী সময়ে তাকে ধরে রাখা কিংবা বিক্রির ক্ষেত্রে আর্থিকভাবে কম সুবিধাজনক অবস্থায় পড়তে পারে ক্লাবটি।
মাঝমাঠে নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে ম্যাক অ্যালিস্টারকে হারানোর সম্ভাবনাও তাই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে লিভারপুলকে। কারণ, খেলোয়াড়টির ক্লাবে থেকে যাওয়ার আগ্রহ থাকলেও চুক্তি নবায়ন নিয়ে দীর্ঘ নীরবতা শেষ পর্যন্ত বড় ধরনের দলবদল-জটিলতার জন্ম দিতে পারে।



