নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চার-পাঁচজন।
বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে কেওঢালা বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিউল আলম।
নিহতরা হলেন- গাইবান্ধা জেলার উত্তর খাগুরা গ্রামের বাসিন্দা ইটভাটাশ্রমিক শফিকুল ইসলাম (৩৫) ও তার চার বছরের ছেলে বিপুল।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশের এসআই শফিউল বলেন, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে উল্টোপথে আসা সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শফিকুল ইসলাম ও তার ছেলে বিপুল দুর্ঘটনার কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ সময় আরও চার-পাঁচজন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা ও বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এ ঘটনায় উল্টোপথে আসা সিমেন্টবোঝাই ট্রাকটির চালককে আটক করা হয়েছে। ট্রাক ও বাসটি পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা শফিউল আলম।



