বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
১৪ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

মেডিকেল কলেজের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই রাখার নির্দেশ বাতিল

মেডিকেল কলেজের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই রাখার নির্দেশ বাতিল...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ৫:৩৭ পিএমসর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ৫:৩৭ পিএম
মেডিকেল কলেজের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই রাখার নির্দেশ বাতিল

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে লেখা দুটি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা একটি বইসহ মোট তিনটি বই দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালের লাইব্রেরিতে রাখার আগের নির্দেশনা বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সরকারি নথি অনুযায়ী, গত ১৮ অক্টোবর আগের আদেশটি বাতিল করে স্বাস্থ্যসেবা বিভাগ। এর আগে ২৭ সেপ্টেম্বর ওই নির্দেশনা দেওয়া হয়েছিল।

এ বিষয়ে গত ১৬ অক্টোবর প্রতিবেদন প্রকাশ করেসংবাদমাধ্যম। পরে আরও কয়েকটি সংবাদমাধ্যমেও নির্দেশনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এ উদ্যোগ নিয়ে সমালোচনা শুরু হয়। বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর মন্ত্রণালয় আগের আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বলে সূত্র জানিয়েছে।

আগের আদেশে স্বাস্থ্যসেবা বিভাগের অধীন সব সংস্থার প্রধানকে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালের লাইব্রেরিতে বইগুলো কেনা ও সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল।

বইগুলোর প্রকাশক জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা গত ২৩ আগস্ট স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতের কাছে একটি আবেদন জমা দেয়। এর পরিপ্রেক্ষিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছিল।

আবেদনপত্রে ‘জোরালোভাবে সুপারিশ করা হলো’ লিখে প্রস্তাবটির প্রতি সমর্থন জানান মুহিত। আবেদনপত্রে তার সিল, স্বাক্ষর ও তারিখ রয়েছে। এর আগে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

বই তিনটি হলো—মাহফুজ উল্লাহর লেখা ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ ও ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’, এবং তারেক রহমানের লেখা ‘সবার আগে বাংলাদেশ’। বই তিনটির মোট মূল্য ৪ হাজার ৭০০ টাকা।

আবেদনপত্রে জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার জহির দীপ্তি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ঐতিহাসিক দলিল হিসেবে বইগুলোর উল্লেখ করেন। তিনি সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালের গ্রন্থাগারের জন্য বইগুলোর কপি কিনে সংরক্ষণের অনুরোধ জানান।

চিঠিতে বলা হয়, ‘আমরা বিশ্বাস করি, চিকিৎসক, নার্স, মেডিকেল শিক্ষার্থী, স্বাস্থ্যসেবা নিতে আসা মানুষ এবং সচেতন নাগরিকদের জন্য বইগুলো সময়োপযোগী গুরুত্বপূর্ণ দলিল।

এ বছরের শুরুতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একই ধরনের সিদ্ধান্ত প্রত্যাহার করেছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ আদেশ বাতিলের ঘটনা তারই ধারাবাহিকতা।

গত ৩ জুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে বই তিনটি রাখার ব্যবস্থা নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরে ৬ জুলাই ওই সিদ্ধান্ত বাতিল করা হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ