শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
১৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যে আক্ষেপ জানিয়েছিলেন কবরী

রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যে আক্ষেপ জানিয়েছিলেন কবরী...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ৫:৩৮ পিএমসর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ৫:৩৮ পিএম
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যে আক্ষেপ জানিয়েছিলেন কবরী

ঢালিউডের ইতিহাসে জনপ্রিয় জুটিগুলোর মধ্যে রাজ্জাক-কবরীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। একসঙ্গে বহু দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করে তারা জায়গা করে নিয়েছিলেন দর্শকের হৃদয়ে। তাদের জুটিকে অনেকেই উত্তম-সুচিত্রার সঙ্গেও তুলনা করতেন।

তবে একসময় ভেঙে যায় এই জুটি। এরপর রাজ্জাকের সঙ্গে জুটি বাঁধেন শাবানা, আর কবরী অভিনয় শুরু করেন আলমগীর ও ফারুকের সঙ্গে।

মৃত্যুর আগে এক সাক্ষাৎকারে রাজ্জাক-শাবানার জুটি নিয়ে নিজের কষ্টের কথা প্রকাশ করেছিলেন কবরী। তার দাবি ছিল, এই জুটি গড়ে ওঠার পেছনে বিশেষ ধরনের কৌশল বা ‘পলিটিক্স’ ছিল, যা তাকে ব্যথিত করেছিল।

শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে কবরী বলেন, রাজ্জাক ও শাবানার জুটি যদি স্বাভাবিকভাবে তৈরি হতো, তাহলে তার কোনো আপত্তি থাকত না। কিন্তু এর পেছনে রাজনৈতিক চাল ছিল বলে মনে করতেন তিনি। আর সেই বিষয়টিই তাকে কষ্ট দিয়েছিল।

সাক্ষাৎকারে কবরী আরও মন্তব্য করেন, রাজ্জাকের সঙ্গে শাবানার অভিনীত সিনেমাগুলোতে তিনি নিজে অভিনয় করলে শাবানার চেয়েও ভালো করতে পারতেন।

রাজ্জাকের সঙ্গে জুটি ভেঙে যাওয়ার পর অবশ্য থেমে থাকেননি কবরী। একই সময়ে আলমগীরের সঙ্গে ‘লাভ ইন সিমলা’ এবং ফারুকের সঙ্গে ‘সুজন সখী’ সিনেমায় অভিনয় করে দর্শকদের উপহার দেন নতুন জুটি।

শাবানার অভিনয় সম্পর্কে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে কবরী বলেন, তার সঙ্গে কাজ করার সময় এবং পরিচালকদের কাছ থেকে তিনি শুনেছিলেন, শাবানার জন্য নিজের চেনা অভিনয়ের গণ্ডি থেকে বেরিয়ে আসা কঠিন ছিল।

বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবানাকে সর্বশেষ ‘ঘরে ঘরে যুদ্ধ’ সিনেমায় দেখা গেছে। দুই দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র থেকে দূরে থাকা এই অভিনেত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

অন্যদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০২১ সালের ১৭ এপ্রিল মারা যান কবরী। তার মৃত্যুর পরও বাংলা চলচ্চিত্রে রাজ্জাক-কবরী জুটির জনপ্রিয়তা এবং তাদের ঘিরে থাকা নানা স্মৃতি দর্শকদের আলোচনায় ফিরে আসে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ