বড়পর্দায় নির্মাতাদের ভরসার প্রতীক শরিফুল রাজ ‘আইসক্রিম’ দিয়ে ক্যারিয়ার শুরু করার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমায় অভিনয় করে তিনি ক্রমশ নিজেকে উঁচুতে নিয়ে গেছেন। সেই সঙ্গে সিনেমাপ্রেমী দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন।
চলতি বছরই বাজিমাত করেছিলেন তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ দিয়ে। হাতে রয়েছে একগুচ্ছ সিনেমা। আবার এর মধ্যেই নতুন আরেকটি সিনেমায় যুক্ত হলেন রাজ।
এটি নির্মাণ করছেন সৈয়দ শাকিল। যিনি ‘ছায়াবাজি’ ও ‘ইউএনও স্যার’ নামে দুটি ওয়েব ফিল্ম নির্মাণ করে আলোচনায় আসেন। এই প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। তবে এ সিনেমার নাম এখনো চূড়ান্ত করেননি সৈয়দ শাকিল।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে শরিফুল রাজের সঙ্গে চুক্তিস্বাক্ষর সম্পন্ন করেছেন নির্মাতা। সেই ছবি দিয়ে সিনেমার ঘোষণাও দিলেন তিনি। সিনেমা ও অন্য শিল্পীদের নাম আপাতত গোপন রাখছেন তিনি। আগামী সপ্তাহে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে সেসব জানানো হবে বলে জানিয়েছেন নির্মাতা।
রিভেঞ্জ ফিল্মস লিমিটেডের ব্যানারে এ সিনেমাটি প্রযোজনা করছেন— সোহানা সাদী, স্নিগ্ধা সাদী ও সারহান শাহরিয়ার সাদী সীমান্ত। পরিচালনায় সৈয়দ শাকিল। এ সিনেমা প্রসঙ্গে নির্মাতা বলেন, এ সিনেমাটি কোরবানির ঈদে মুক্তির লক্ষ্যেই শুটিং শুরু করার ইচ্ছা আছে। তাই আগামী ডিসেম্বর কিংবা নতুন বছরের শুরুতে শুটিংয়ের পরিকল্পনা করছি।
সৈয়দ শাকিল বলেন, এ সিনেমায় এমন একটি গল্প তিনি বড়পর্দায় তুলে ধরবেন, যেটি মানুষ পরিবার নিয়ে উপভোগ করতে পারবে। তিনি বলেন, ‘একসময় আমাদের দেশে পরিবারের সবাই একসঙ্গে সিনেমা দেখত। যাকে বলা হতো সামাজিক সিনেমা। আমি সে ধরনের ইমোশনাল একটি সামাজিক গল্পের সিনেমা বানাতে চাই, যা দর্শকদের আবেগপ্রবণ করে তুলবে।
এদিকে আগামী কুরবানির ঈদে শরিফুল রাজের আরেকটি সিনেমা মুক্তির লক্ষ্যে কাজ করছেন। আয়মান হাসিব স্বাধীন ও সুস্ময় সরকারের যৌথ নির্মাণে সিনেমাটির নাম ‘কালাভুনা প্যারাডক্স’। এটি মোহাইমিনুল ইসলাম বাপ্পীর লেখা একই নামে উপন্যাস থেকে নির্মিত হচ্ছে। এ সিনেমায় রাজের সঙ্গে থাকছেন সাবিলা নূর।



