বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
১৪ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরিয়ে নেওয়া যাবে না: ডেপুটি স্পিকার

১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরিয়ে নেওয়া যাবে না: ডেপুটি স্পিকার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ৮:৫৬ পিএমসর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ৮:৫৬ পিএম
১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরিয়ে নেওয়া যাবে না: ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরিয়ে নেওয়া যাবে না। বিগত সময়ে দেশকে যে রসাতলে নেওয়া হয়েছে, তা আবার জাগিয়ে তুলতে সময় ও ধৈর্যের প্রয়োজন। তিনি জানান, সরকারি নিয়োগে বঞ্চিত আইনজীবীদের পর্যায়ক্রমে মূল্যায়ন করা হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে হবিগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ।

আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, আমাদের সব প্রত্যাশা হয়তো একদিনে পূরণ হবে না। তবে পর্যায়ক্রমে আগামী দিনে সরকারি নিয়োগগুলো আইন মন্ত্রণালয়ের মাধ্যমে দেওয়া হবে। যারা বঞ্চিত ছিলেন, তাদের মূল্যায়নের মাধ্যমে পদগুলো পূরণ করার অনুরোধ জানান তিনি।

তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় এ অঞ্চলের মানুষের একাগ্রতা ছিল। আন্দোলন-সংগ্রামেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্থানীয় নেতাদের আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ডেপুটি স্পিকার আরও বলেন, আইনজীবীরা সমাজের নেতৃত্বস্থানীয় ব্যক্তি। রাজনৈতিক কর্মীদের একটি দৃষ্টিভঙ্গি রয়েছে, অন্যদিকে আইনজীবী হিসেবে তাদের অনেক দায়িত্ব। আদালতে আইনের শাসনের কথা বলার পাশাপাশি সমাজের অন্যায়-অবিচার দূর করতেও তাদের কাজ করতে হয়।

জাতীয় সংসদের হুইপ জি কে গউছ বলেন, হবিগঞ্জ আইনজীবী সমিতি একটি ঐতিহ্যবাহী বার। বিএনপি সরকারের সময়ে তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এ সমিতিকে অনুদান দিয়েছিলেন। বর্তমানে এখানে প্রায় ৮০০ আইনজীবী রয়েছেন, কিন্তু তাদের বসার পর্যাপ্ত জায়গা নেই। এ কারণে তিনি আইনজীবীদের জন্য নতুন ভবন নির্মাণের দাবি জানান।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সভাপতি মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) নুরুল ইসলাম, কামাল উদ্দিন আহমেদ সেলিম ও আফতাব উদ্দিন প্রমুখ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ