শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

সিলেটে রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুই পুলিশ সদস্যের যাবজ্জীবন

সিলেটে রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুই পুলিশ সদস্যের যাবজ্জীবন...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১০:০১ পিএমসর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ১০:০১ পিএম
সিলেটে রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুই পুলিশ সদস্যের যাবজ্জীবন

পুলিশ হেফাজতে রায়হান আহমদ হত্যা মামলায় বরখাস্ত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় আরও দুই আসামিকে যাবজ্জীবন এবং তিনজনকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুনসী আব্দুল মজিদ এ রায় দেন।

ছয় আসামির মধ্যে বরখাস্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) আশেক এলাহী রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকি পাঁচ আসামি পলাতক রয়েছেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন জানান, কনস্টেবল মো. হারুন উর রশিদ ও টিটু চন্দ্র দাসকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া বরখাস্ত এসআই মো. হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী ও সাংবাদিক আবদুল্লাহ আল মামুনকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন বলেন, তারা প্রাথমিকভাবে রায়ে সন্তুষ্ট। তবে রায়টি আরও পর্যালোচনা করে প্রয়োজন হলে উচ্চ আদালতে যাবেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রায়হানের মা সালমা বেগম। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘আমি রায়ে সন্তুষ্ট। প্রধান আসামি আকবর হোসেনের ফাঁসি কার্যকর হলে আমরা শান্তি পাব। রায়হানের আত্মাও শান্তি পাবে।

তবে রায় ঘোষণার আগে আসামিদের পলাতক হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘২০২৫ সালে মামলার যুক্তিতর্ক শেষ হওয়ার পরও প্রথম তিন আসামি কীভাবে জামিন পেলেন? জামিন পাওয়ার পর তারা কীভাবে পালিয়ে গেলেন? আজকের রায় শুধু কাগজে-কলমেই থাকবে। আসামিদের শাস্তি হচ্ছে না। তারা শাস্তি না পেলে ছয় বছর ধরে আমার অপেক্ষা ও কষ্টের কোনো মূল্য থাকবে না।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ