কুড়িগ্রাম সদরে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে ওয়াপদাপাড়া এলাকার অ্যাডভোকেট আলমগীর হোসেনের বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার ওয়াপদাপাড়া (খলিলগঞ্জ) এলাকার বাসিন্দা কুড়িগ্রাম আইনজীবী সমিতির সদস্য মো. আলমগীর হোসেন (৪৫), তার স্ত্রী মোছা. ডলি (৩০) এবং ভূরুঙ্গামারী উপজেলার ব্যাপারীটারী এলাকার মো. শাহেদ মাহমুদ শাকিল (৩০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, অভিযানে আলমগীর হোসেনের কাছ থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া ডলির কাছ থেকে ৫১টি হেরোইনের পুরিয়া এবং শাহেদ মাহমুদ শাকিলের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার মোট পরিমাণ ১৯৫ পিস, যার ওজন ১৯ দশমিক ৫ গ্রাম। অন্যদিকে, পলিথিনসহ হেরোইনের ওজন চার গ্রাম। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯৮ হাজার ৫০০ টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলার উপ-পরিচালক মো. শাহ-নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে সন্ধ্যায় কুড়িগ্রাম সদর থানায় সোপর্দ করা হয়েছে।



