শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
১৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

ম্যানচেস্টার ইউনাইটেডের মিউনিখ ট্র্যাজেডির স্মৃতিসৌধে ভাঙচুর-চুরি

ম্যানচেস্টার ইউনাইটেডের মিউনিখ ট্র্যাজেডির স্মৃতিসৌধে ভাঙচুর-চুরি...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ৮:২৭ পিএমসর্বশেষ: ৩০ অক্টোবর ২০২৬, ৮:২৭ পিএম
ম্যানচেস্টার ইউনাইটেডের মিউনিখ ট্র্যাজেডির স্মৃতিসৌধে ভাঙচুর-চুরি

ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসের অন্যতম বেদনাবিধুর অধ্যায়ের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে ভাঙচুর ও চুরির ঘটনা ঘটেছে। ১৯৫৮ সালের মিউনিখ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে জার্মানির মিউনিখে স্থাপিত স্মৃতিসৌধের কাচের বাক্স ভেঙে বেশ কিছু স্মারকসামগ্রী নিয়ে গেছে দুর্বৃত্তরা।

১৯৫৮ সালের ফেব্রুয়ারিতে মিউনিখ বিমানবন্দরের রানওয়েতে বিধ্বস্ত হয় ম্যানচেস্টার ইউনাইটেডকে বহনকারী বিমান। ভয়াবহ ওই দুর্ঘটনায় প্রাণ হারান ২৩ জন। নিহতদের মধ্যে ছিলেন ক্লাবের আটজন ফুটবলার ও তিনজন কর্মকর্তা।

দুর্ঘটনায় নিহতদের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে মিউনিখের ম্যানচেস্টারপ্লাৎসে একটি কাচের বাক্স স্থাপন করা হয়েছিল। সেখানে রাখা ছিল দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্মৃতিচিহ্ন। সম্প্রতি বাক্সটি ভেঙে সেসব স্মারকের কিছু অংশ চুরি হয়েছে বলে নিশ্চিত করেছে ম্যানচেস্টার মিউনিখ মেমোরিয়াল ফাউন্ডেশন (এমএমএমএফ)।

ফাউন্ডেশন জানিয়েছে, স্মৃতিসৌধটি মেরামতের ব্যয় বহনের প্রস্তাব দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ক্লাবের সেই প্রস্তাব কার্যকর হওয়ার আগেই নিজেদের উদ্যোগে সংস্কারকাজ শেষ করেছে তারা।

এ ঘটনায় গভীর হতাশা ও দুঃখ প্রকাশ করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইফতি আহমেদ। তার মতে, মিউনিখ বিমান দুর্ঘটনায় নিহতদের স্বজনদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের কাছেও ম্যানচেস্টারপ্লাৎস একটি আবেগের জায়গা।

স্মৃতিসৌধটির দেখভাল এবং দ্রুত মেরামতের কাজে সহযোগিতার জন্য মিউনিখের স্থানীয় বন্ধুদের, বিশেষ করে ‘রেড ডকস’-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইফতি।

তিনি বলেন, দুর্বৃত্তরা স্মৃতিবাক্স ভেঙে স্মারকসামগ্রী চুরি করতে পারলেও মানুষের স্মৃতি কিংবা দুই শহরের বন্ধুত্বের বন্ধন নষ্ট করতে পারবে না। যাদের স্মরণে এই স্মৃতিসৌধ নির্মিত হয়েছে, তাদের অবদান ও স্মৃতি সব সময় অম্লান থাকবে। একই সঙ্গে ম্যানচেস্টার ও মিউনিখের মধ্যকার সম্পর্কও অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ