এক স্বৈরাচারকে বিদায় করে দেশে এখন ‘নতুন স্বৈরাচারের উত্থান’ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘আমরা এক স্বৈরাচারকে বিদায় করে এখন নতুন স্বৈরাচারের উত্থান দেখছি। কিন্তু জনগণের সামনে আমাদের প্রতিশ্রুতি, পতিত স্বৈরাচার এবং এই নব্য স্বৈরাচার—এই দুই স্বৈরাচারকেই আমরা পরাজিত করব, ইনশাআল্লাহ।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির গণবিক্ষোভ সমাবেশে সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপি সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ পরিচালনার কোনো পরিকল্পনা নেই। কীভাবে দেশে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারত্ব কায়েম করা হবে, সেই পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে ঢাকায় এসেছেন।
আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ‘পতিত স্বৈরাচারকে বর্তমান সরকার মোকাবিলা করতে পারবে না।
এ পরিস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থানের তরুণ ও জনগণকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সরকারের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রাহাজানি, বিদ্যুৎ ও গ্যাস সংকট, সরকারি প্রতিষ্ঠানে দলীয়করণ এবং আইনশৃঙ্খলার অবনতিতে মানুষের জীবন বিপর্যস্ত। মানুষের নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
এ ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের পদত্যাগ দাবি করেন তিনি।
নাহিদ বলেন, ‘এই দুইজন মন্ত্রীই তাদের ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। তারা যদি পদত্যাগ না করেন, তাহলে দেশের সর্বত্র আমরা মিছিল করব। সেই মিছিল নিয়ে জনাব তারেক রহমানকে (প্রধানমন্ত্রী) ঘেরাও করে আমাদের দাবি আদায় করে ছাড়ব, ইনশাআল্লাহ।
আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তি ন্যায্যভাবে নবায়ন না হলে জনগণ আবারও মাঠে নামবে উল্লেখ করে তিনি বলেন, ‘এবার আমরা গঙ্গা চুক্তিতে কোনোভাবেই বিন্দুমাত্র আমাদের ন্যায্য হিস্যায় ছাড় দেবো না।
সমাবেশে এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, ‘কলকাতায় এলপিজির দাম যেখানে এক হাজার টাকা, বাংলাদেশে তা কিনতে হচ্ছে আড়াই হাজার টাকায়।
‘কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়ে না? এর উত্তর জ্বালানিমন্ত্রীকে দিতে হবে’, বলেন তিনি।
আখতার সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং আওয়ামী লীগ ও তার দোসরদের মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনার দাবি জানান।
এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারের সভাপতিত্বে সমাবেশে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ, সংসদ সদস্য মাহমুদা আলমসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন।



